টেস্টে ৩৫০ উইকেট পেতে ডেল স্টেইনের চেয়ে ৯১১ বল কম লাগল কাগিসো রাবাদার। কেপটাউন টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বলে ৩৫০ উইকেট নেওয়ার কীর্তি এখন তাঁর।
ম্যাচের আগে রাবাদার উইকেট ছিল ৩৪৬টি। প্রথম ইনিংসে প্যাট কামিন্সকে ফিরিয়ে ব্যবধান কমান তিনি। শনিবার ম্যাচের শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার লক্ষ্য তাড়ার শুরুতেই দুই ওপেনার ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দেন রাবাদা। কয়েক ওভার পর ট্রাভিস হেডকে আউট করে পূর্ণ করেন ৩৫০ উইকেট।
এই মাইলফলকে পৌঁছাতে রাবাদার বল লেগেছে ১৩ হাজার ৮০৮টি। এর আগে সবচেয়ে কম বলে ৩৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল ডেল স্টেইনের। ১৪ হাজার ৭১৯ বলে এই কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার। তালিকায় পরের নাম পাকিস্তানের ওয়াকার ইউনিসের; তাঁর লেগেছিল ১৪ হাজার ৯০৫ বল। ম্যালকম মার্শালের প্রয়োজন হয়েছিল ১৬ হাজার ২৮৫ বল, মিচেল স্টার্কের ১৬ হাজার ৯০৮।
দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে ৩৫০ উইকেটের ঘরে পৌঁছানো চতুর্থ বোলার রাবাদা। তাঁর আগে এই কীর্তি গড়েছেন স্টেইন (৪৩৯), শন পোলক (৪২১) ও মাখায়া এনটিনি (৩৯০)।
তবে ম্যাচের হিসাবে দ্রুততমদের তালিকায় রাবাদা শীর্ষে নন। ৭৫তম টেস্টে এসে ৩৫০ উইকেট পূর্ণ করেছেন তিনি। রিচার্ড হ্যাডলি ও স্টেইন এই মাইলফলকে পৌঁছেছিলেন ৬৯ টেস্টে। ডেনিস লিলির লেগেছিল ৭০ ম্যাচ। গ্লেন ম্যাকগ্রা ও ম্যালকম মার্শালেরও লেগেছিল ৭৫ টেস্ট।










