Ajker Patrika

‘ওয়ান ম্যান আর্মি’ দিনুশার ব্যাটে তাকিয়ে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
‘ওয়ান ম্যান আর্মি’ দিনুশার ব্যাটে তাকিয়ে শ্রীলঙ্কা
৮৫ রানে অপরাজিত আছেন এই ব্যাটি অলরাউন্ডার। ছবি: ক্রিকইনফো

ব্যাটিং ব্যর্থতায় কলম্বো টেস্টেও মুখ থুবড়ে পড়েছে শ্রীলঙ্কা। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ফলোঅনের শঙ্কায় পড়েছে স্বাগতিকেরা। যতটুকু আশা বেঁচে আছে কেবল সিরিজজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা সোনাল দিনুশার ব্যাটে তাকিয়ে।

গল টেস্টে ১৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। দল বাজেভাবে হারলেও ভারতের বোলারদের চোখে চোখ রেখে কথা বলেছেন দিনুশা। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে যথাক্রমে ১০০ ও ৮৪ রান। কলম্বো টেস্টেও হাসছে দিনুশার ব্যাট। ভারত ৫০৩ রানের প্রথম ইনিংস ঘোষণার পর শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা।

দিনুশার ব্যাটে এখন ফলোঅন এড়ানোর লড়াই করছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৮ উইকেট ২৬৫ রান। ফলোঅন এড়াতে আরও ৩৯ রান করতে হবে স্বাগতিকদের। ৬ চার ও ২ ছক্কায় ৮৫ রানে অপরাজিত আছেন দিনুশা। ৮ রান নিয়ে তাঁর সঙ্গে ব্যাট করতে নামবেন লাহিরু কুমারা। এখনো ২৩৮ রানে এগিয়ে ভারত।

ভারত ইনিংস ঘোষণার পর গতকাল মাত্র ৩ ওভার খেলেছে শ্রীলঙ্কা। ৮ রান করতেই লাহিরু উদারা ও প্রবাথ জয়সুরিয়ার উইকেট হারায় তারা। এদিন ২৫৭ রান তুললেও ৬ উইকেট হারানোয় আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। লেজের দুই বোলারকে নিয়ে দিনুশার সামনে এখন ফলোঅন এড়ানোর চ্যালেঞ্জ।

দিনুশা ছাড়াও হেসেছে পাসিন্দু সুরিয়াবান্দারার ব্যাট। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হওয়ার আগে ৯ বাউন্ডারিতে ৮০ রান এনে দেন তিনি। ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন কামিন্দু মেন্ডিস। দিনের শুরুতেই ফেরা কামিল মিশারা (১৯) ক্রিজে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি।

ফলোঅনের শঙ্কায় থাকা শ্রীলঙ্কার তিনটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও মানব সুতার। জাদেজা ছাড়া বাকি উইকেটটা নেন মোহাম্মদ সিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত