Ajker Patrika

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ জুলাই ২০২৬, ২১: ৫৮
ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়
সাদা বলের দায়িত্ব চালিয়ে যাবেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। বেন স্টোকসের আকস্মিক অবসর ঘোষণার মাত্র দুই সপ্তাহের মাথায় টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বিদায় নিতে হলো ব্রেন্ডন ম্যাককালামকে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো স্টোকস-ম্যাককালামের বহুল আলোচিত বাজবল যুগ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, সাম্প্রতিক সময়ের হতাশাজনক পারফরম্যান্স এবং মাঠের বাইরের একাধিক ঘটনার পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ম্যাককালাম সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন। অন্যদিকে ক্রিকেট পরিচালক রব কি তার পদে বহাল থাকছেন।

দায়িত্ব হারানোর পর হতাশা প্রকাশ করলেও ইসিবির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন ম্যাককালাম। তিনি বলেন, ‘টেস্ট দলের কোচিং করতে আমি ভীষণ উপভোগ করেছি এবং আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এই পথচলায় অসাধারণ কিছু মুহূর্ত ছিল, আবার কঠিন দিনও এসেছে। তবে এমন চ্যালেঞ্জ গ্রহণ করলে এসবের মুখোমুখি হতেই হয়।’

এখন বাকি দুই সংস্করণ নিয়ে ভাবছেন ম্যাককালাম, ‘অবশ্যই আমি ভীষণ হতাশ যে আর এই দায়িত্বে থাকছি না। তবে আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের দলগুলোর দিকে। ইংল্যান্ডকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

ইংল্যান্ডের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সই মূলত এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। সর্বশেষ নয়টি টেস্টের সাতটিতেই হেরেছে দলটি। এর মধ্যে অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ৪-১ ব্যবধানে সিরিজ হার এবং এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানের হারে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ১৪ বছরের মধ্যে অন্তত তিন ম্যাচের কোনো হোম টেস্ট সিরিজে এটি ছিল ইংল্যান্ডের প্রথম হার।

নিউজিল্যান্ড সিরিজে স্টোকস ও গাস অ্যাটকিনসনকে ঘিরে নাইটক্লাবের একটি ঘটনাও ব্যাপক আলোচনা তৈরি করে। এরপরই স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ফলে বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের নেই কোনো অধিনায়ক, নেই কোনো প্রধান কোচও। আগামী ১৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে শুরু হবে তাদের পরবর্তী টেস্ট সিরিজ।

নতুন অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকের নাম সবচেয়ে বেশি আলোচনায় থাকলেও, নতুন প্রধান কোচ নিয়োগের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ম্যাককালাম ২০২২ সালে টেস্ট দলের দায়িত্ব নিয়ে স্টোকসকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটে আক্রমণাত্মক নতুন দর্শন বাজবলের সূচনা করেন। তাঁদের দায়িত্ব গ্রহণের আগে ইংল্যান্ড আগের ১৭ টেস্টে মাত্র একটি জিতেছিল। কিন্তু এরপর নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে দ্রুতই বদলে যায় দলের চেহারা। ম্যাককালাম-স্টোকস জুটির অধীনে প্রথম ১১ টেস্টের ১০টিতেই জয় পায় ইংল্যান্ড।

তবে সেই উড়ন্ত শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১ রানের নাটকীয় হার দিয়ে শুরু হয় ছন্দপতন। এরপর থেকে ৩৮টি টেস্টে ইংল্যান্ড জিতেছে ১৭টি, হেরেছে ১৯টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত