Ajker Patrika

ভরাডুবির পরও চিন্তিত নন অস্ট্রেলিয়ার কোচ

ক্রীড়া ডেস্ক    
ভরাডুবির পরও চিন্তিত নন অস্ট্রেলিয়ার কোচ
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভরাডুবির পর বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়ানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড় থেকে পিছিয়ে গেছে অজিরা। ব্যাটারদের ব্যর্থতায় দলে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এবার অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড শুনিয়েছেন আশার বাণী।

কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে ২৮৮ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১১১ রানে। প্রথম ইনিংসে যেখানে জশ ইংলিস সেঞ্চুরি করেছিলেন, সেই অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানসংগ্রাহক নাথান লায়ন করেন ৩৩ রান। প্রথম সারির ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৭ রান আসে গ্রিনের ব্যাটে। ম্যাকডোনাল্ড এটাকে তেমন একটা দুশ্চিন্তার কারণ মনে করছেন না। অস্ট্রেলিয়ার কোচ বলেন, ‘আমাদের দলে এখনো অনেক ভালো ক্রিকেটার রয়েছে। ব্যাটিং ইউনিটের দিকে তাকালে মনে হয়, সফরের শুরুর তুলনায় আমরা এখন আরও শক্তিশালী অবস্থানে ফিরছি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর শেষ দুই টেস্টে হেরে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। যার মধ্যে গেবেখায় দ্বিতীয় টেস্টে ইনিংসে হারে অজিরা। যদিও এই দ্বিতীয় টেস্টের বেশির ভাগ অংশ চলে যায় বৃষ্টির পেটে। ম্যাকডোনাল্ডের মতে, বিদেশের প্রতিকূল কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে দলকে আরও পরিণত করবে।

টানা দুই ম্যাচের ব্যর্থতার পর দল নির্বাচন নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। প্রয়োজনে খেলার ধরন ও খেলোয়াড় পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘টানা দুই ম্যাচ হারের পর দল নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমরা নিজেদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা করব। আবারও শীর্ষস্থান ফিরে পেতে হলে আরও উন্নতি করতে হবে। প্রয়োজনে খেলার ধরন কিংবা কিছু ক্ষেত্রে খেলোয়াড় পরিবর্তন করতে হতে পারে।’

এবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। টানা দুই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পরও তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকা সফর শেষে আগের চেয়ে শক্তিশালী অবস্থানে ফিরছে দল। তবে ব্যর্থতা কাটিয়ে উঠতে প্রয়োজনে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক কামিন্সও।

ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে স্টিভ স্মিথকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ। ঘাড়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে খেলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। স্মিথের চোট নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘চিকিৎসক দল ও স্টিভ নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত সে খেলার মতো অবস্থায় ছিল না। নিজের শরীর সম্পর্কে আমাদের সিনিয়র ক্রিকেটাররা ভালো জানে। তাই তার সিদ্ধান্তটি সঠিক ছিল।’

দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতা পেছনে ফেলে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য অস্ট্রেলিয়ার। প্রোটিয়াদের কাছে ১৭৬ রানে হেরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে সিংহাসন খুইয়ে দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। এখন শীর্ষে উঠেছে প্রোটিয়ারা। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। সবশেষ পাঁচ টেস্টের মধ্যে এটা অস্ট্রেলিয়ার তৃতীয় হার। টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে নেমে গেছে অজিরা। এখানে দুইয়ে অবস্থান করছে প্রোটিয়ারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত