লুঙ্গিকে ছাড়াই বাংলাদেশ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজটা কেবলই শেষ করল দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়ারা আতিথেয়তা দেবে বাংলাদেশকে। বরাবরের মতো এবারও তারকা পেসার লুঙ্গি এনগিদিকে খেলাতে পারছে না দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। আর এনগিদি গত বছরের জুনে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলেননি। এখনো পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকায় প্রোটিয়া পেসারকে বাংলাদেশ সিরিজের দলে নেওয়া হয়নি।
কেপটাউনে গত পরশু অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়ে সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা। অজিদের বিপক্ষে সিরিজজয়ী দল থেকে খুব একটা পরিবর্তন আনেনি প্রোটিয়ারা। অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে ডেভিড বেডিংহামকে। তাঁর পরিবর্তে বাংলাদেশ সিরিজের দলে এসেছেন টনি ডি জর্জি। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন। সবশেষ তিনি টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে গুয়াহাটিতে ভারতের বিপক্ষে।
অ্যানরিখ নরকিয়াও বাংলাদেশ সিরিজ দিয়ে একরকম ফিরেছেন। গেবেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেললেও কেপটাউনে তৃতীয় টেস্টে খেলতে পারেননি। কুঁচকির চোটে পড়ায় দুই সপ্তাহ ধরে তিনি বিশ্রামে ছিলেন। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, করবিন বশ,ডেন প্যাটারসন—দক্ষিণ আফ্রিকা দলে পাঁচ পেসার রয়েছেন। আর বাংলাদেশ সিরিজের দলে নেওয়া হয়েছে আরেক ব্যাটার জুবায়ের হামজাকে।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কেশব মহারাজ ও সাইমন হারমারকে অন্তর্ভুক্ত করেছে। তবে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে দলে জায়গা দেওয়া হয়নি। সিরিজের ভেন্যুগুলো পেসারদের জন্য সহায়ক হওয়ায় দক্ষিণ আফ্রিকা একাদশে সম্ভবত মাত্র একজন স্পিনারকেই খেলাবে। হারমার কেপটাউন টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজসেরা হয়েছেন ইয়ানসেন। ১৯৮ রানের পাশাপাশি পেয়েছেন ১০ উইকেট।
১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক। ২৩ নভেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকোস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, অ্যানরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন






-2d6cb2-256x144.webp)


