Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে মান বাঁচাতে কয় পরিবর্তন নিয়ে নামছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১২: ২৩
বাংলাদেশের বিপক্ষে মান বাঁচাতে কয় পরিবর্তন নিয়ে নামছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে আগামীকাল ধবলধোলাই এড়াতে নামবে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।

বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিং করবেন রেনশ। ওয়েদারাল্ডের জায়গায় রেনশর অন্তর্ভুক্তি ম্যাকাই টেস্টের একমাত্র পরিবর্তন। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এটাকে ‘লজ্জাজনক’ আখ্যা দেওয়া হয়েছে। এমনকি রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলের মতো কিংবদন্তিরাও ধুয়ে দিয়েছেন ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। ম্যাকাইতে আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অজিরা তাই নামছে ধবলধোলাই এড়ানোর মিশনে।

রেনশ সবশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে। তাও খেলেছিলেন ডেভিড ওয়ার্নারের কনকাশন বদলি হিসেবে। দ্বিতীয় ইনিংসে রেনশকে নামানো হয়েছিল পাঁচ নম্বরে। ওপেনিং করেছিলেন উসমান খাজা ও হেড। পরবর্তীতে ২০২৪ ও ২০২৬ সালে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার ও খাজা অবসর নেওয়ায় ওপেনিং স্থান ফাঁকা হয়ে পড়ে। ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এবার ওপেনার হেড ও রেনশ।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিন থেকে পাঁচ নম্বরে খেলবেন মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। লাবুশেনের ফর্ম নিয়েও চলছে সমালোচনা। সবশেষ তিনি টেস্টে সেঞ্চুরি করেছেন ২০২৩ সালে। স্মিথ কদিন আগে শেষ হওয়া ডারউইন টেস্টে ৭১ ও ৪৪ রান করেন। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন গ্রিন (১০৪ রান)। টেস্টে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি।

উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি ম্যাকাই টেস্টে খেলবেন ছয় নম্বরে। সাত নম্বরে বিউ ওয়েবস্টার। যদিও ডারউইনে তাঁর এই সাত নম্বরে ব্যাটিং পজিশন পছন্দ হয়নি চ্যাপেলের। একাদশে আছেন তিন স্বীকৃত পেসার ও এক স্পিনার। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে পেস বিভাগ সামলাবেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। স্পিনে আছেন নাথান লায়ন। হেড, রেনশও খণ্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন।

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকাইতে ২২ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচটি জিতলে বাংলাদেশের সফলতার হার হবে ৭২.২২ শতাংশ। নিউজিল্যান্ডের সঙ্গে তখন যৌথভাবে তিনে অবস্থান করবে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের বাংলাদেশ। এই টেস্ট হারলে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে নেমে যাবে। অজিদের সফলতার হার হবে তখন ৭০ শতাংশ।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের একাদশ

ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক ব্যাটার), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত