
ওয়েস্ট ইন্ডিজের একেক দ্বীপের একেক সৌন্দর্য। তবে ক্যারিবিয়ানে হাতে গোনা যে কটা দ্বীপ সৌন্দর্যের সঙ্গে অর্থনৈতিকভাবেও অনেক উন্নত, সেন্ট কিটস তার অন্যতম। ছবির মতো সুন্দর দ্বীপে বেশ সুখস্মৃতি আছে বাংলাদেশের। এখানে তিন আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে দুটিতেই। সর্বশেষ ২০১৮ সালে এখানে ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিয়েছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ।
সেই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এবার পুরো ওয়ানডে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা শুরু আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। গত সপ্তাহে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে জ্যামাইকার স্যাবাইনা পার্কে জিতে ক্যারিবিয়ানে ১৫ বছরের টেস্ট জয়ের খরা কাটিয়েছে বাংলাদেশ। এবার সেন্ট কিটসে নতুন কোনো অর্জনের আশায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেন্ট কিটসে ছয় বছর আগে সিরিজজয়ী দলের অনেক ক্রিকেটারই এখন জাতীয় দলের বাইরে। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ বোলিং করেছিলেন মিরাজ। এবার তাঁর কাঁধে দলের নেতৃত্বের ভার। এই অলরাউন্ডারের বিশ্বাস, দল হিসেবে ভালো খেললেই ভালো ফল সম্ভব। ওয়ার্নার পার্কে সিরিজ শুরুর আগে মিরাজ বলেছেন, ‘আমরা বিগত দিনে কী করেছি, সেটা বড় কথা নয়। সামনে আমাদের বড় সুযোগ রয়েছে। সবাই একে অন্যকে সমর্থন করলে দল হিসেবে খেলতে পারব এবং ভালো ফল আনতে পারব।’
গত কয়েক দিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শোনা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের জয়গান। জ্যামাইকায় টেস্ট জয়ের পর গায়ানায় সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে শিরোপা জিতেছে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। রংপুরের শিরোপা ছাপিয়ে সৌম্যের ছন্দে থাকাটা নিঃসন্দেহে বাংলাদেশের বড় পাওয়া। গ্লোবাল সুপার লিগ খেলে সৌম্য, রিশাদ হোসেন ও আফিফ হোসেনের কাল দুপুরে দলে যোগ দেওয়ার কথা। গায়ানার হয়ে খেলা তানজিম হাসান সাকিবও দলের সঙ্গে যোগ দিয়েছেন এরই মধ্যে।
গত কদিনে ক্যারিবিয়ানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা জাতীয় দলে কাজে লাগাতে আশাবাদী তানজিম সাকিব বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। দেশে চোট কাটিয়ে ফিরেছি, তবে এখন পুরো ফিট অনুভব করছি। মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

জ্যামাইকা টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা। এবার ওয়ানডে সিরিজে ধারাবাহিকতা ধরে রাখার অপেক্ষায় এই তরুণ ফাস্ট বোলার। ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কাছ থেকে পাওয়া পরামর্শ তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। নাহিদ বলেন, ‘শেখার কোনো শেষ নেই। আমি শুধু নিজেকে আরও ভালোভাবে প্রস্তুতের চেষ্টা করছি। এখানকার কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা শিখছি। দলের জন্য সেরাটা দেওয়াই আমার লক্ষ্য।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ দলের সামনে নিজেদের সেরা ওয়ানডে কম্বিনেশন যাচাই করে দেখার শেষ সুযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ। সাকিব আল হাসান নেই সিরিজে। চোটে পড়ে নেই মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। তবে আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও তারুণ্যনির্ভর দলও যে দুর্দান্ত কিছু করতে পারে, সে তো এরই মধ্যে প্রমাণিত হয়েছে। নিজেদের সর্বশেষ পাঁচ ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতে হারলেও সেন্ট কিটসে তাই বাংলাদেশকে আত্মবিশ্বাসী করছে তারুণ্যের শক্তিতে জেতা ওই জ্যামাইকা টেস্ট।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে