Ajker Patrika

৭ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে পাকিস্তানি সাকিব

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭: ৫১
৭ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে পাকিস্তানি সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন সাকিব খান। ছবি: ক্রিকইনফো

অভিষেকটা সাকিব খানের হয়েছে মনে রাখার মতোই। শ্রীলঙ্কার স্কোর যেখানে সহজেই ৫০০ ছাড়াতে পারত, সেটা সম্ভব হয়নি সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে। টেস্ট অভিষেকে ৭ উইকেট নিয়ে লন্ডভন্ড করে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। সাথে জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়েও।

প্রথম তিন দিনের মধ্যে ২ উইকেট নিয়ে ফেলেছিলেন সাকিব। আজ চতুর্থ দিনের সকালে নতুন উদ্যমে আক্রমণ শুরু করেন তিনি। শ্রীলঙ্কার পঞ্চম থেকে নবম–এই পাঁচ উইকেট তুলে নিয়েছেন সাকিব। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ফাইফারসহ উইকেট সংখ্যা হয়ে গেল ৭। ৩৪ ওভারে ১৩০ রান খরচে নিয়েছেন ৭ উইকেট। টেস্ট অভিষেকে এক ইনিংসে ৭ উইকেট পাওয়া চতুর্থ পাকিস্তানি বোলার এখন সাকিব।

পাকিস্তানি বোলারদের মধ্যে সাকিবের আগে টেস্ট অভিষেকে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল আরও তিন বোলারের। মজার বিষয় হলো, এই চার পাকিস্তানির কীর্তি সবগুলোই পাকিস্তানে। যার মধ্যে আবরার আহমেদ ও সাকিবেরটা হয়েছে গত চার বছরে। ২০২২ সালে মুলতানে আবরার ইংল্যান্ডের বিপক্ষে ১১৪ রানে নিয়েছিলেন ৭ উইকেট। নাজির, জাহিদের দুটি কীর্তিই নিউজিল্যান্ডের বিপক্ষে। নাজিরের কীর্তি ১৯৬৯ সালে করাচিতে। আর রাওয়ালপিন্ডিতে জাহিদ করেছেন ১৯৯৬ সালে।

ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর কাজটা শুরু করেন সাকিব। ২৪৬ বলে ২০ চার ও ১ ছক্কায় ১৬৭ রান করেন লঙ্কান অধিনায়ক। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ডি সিলভা-কুশল মেন্ডিসের ৩৭০ বলে ২৪৯ রানের জুটি। ৪২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৪৪৬ রানে। লঙ্কানরা তবু পায় ১২ রানের লিড। শ্রীলঙ্কার সব উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের পেসাররা। মোহাম্মদ আব্বাস নিয়েছেন ২ উইকেট। রাজাউল্লাহ পেয়েছেন ১ উইকেট।

পাকিস্তানি বোলারদের মধ্যে টেস্ট অভিষেকে সেরা বোলিং

  বোলার বোলিং প্রতিপক্ষ  ভেন্যু সাল
 মোহাম্মদ জাহিদ  ৭/৬৬নিউজিল্যান্ড  রাওয়ালপিন্ডি   ১৯৯৬
 মোহাম্মদ নাজির ৭/৯৯  নিউজিল্যান্ড  করাচি ১৯৬৯
 আবরার আহমেদ  ৭/১১৪ ইংল্যান্ড  মুলতান ২০২২
সাকিব খান   ৭/১৩০  শ্রীলঙ্কা  রাওয়ালপিন্ডি ২০২৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত