Ajker Patrika

ফুটবলের মতো ক্রিকেটেও বিশ্ব রেকর্ডটা স্পেনের দখলে

ক্রীড়া ডেস্ক    
ফুটবলের মতো ক্রিকেটেও বিশ্ব রেকর্ডটা স্পেনের দখলে
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্প্যানিশরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের পর স্পেনের নামের পাশে যোগ হয়েছে আরও একটি বিশ্বরেকর্ড। তবে এই রেকর্ড ফুটবলের নয়, ক্রিকেটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থাকার রেকর্ডটি এখন ইউরোপের দলটির দখলে।

১৯ জুলাই আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। একই দিনে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও নিজেদের করে নেয় তারা। ২০২৪ সালের ২২ মার্চ কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের পর থেকে আর কোনো ম্যাচে হারেনি স্পেন। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ইতালির আগের রেকর্ড ভেঙেছে স্পেন; ২৯ জয়ের পাশাপাশি ৯ ড্র।

ফুটবলের সেই সাফল্যের বাইরেও ক্রিকেটে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে স্পেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থাকার রেকর্ডটি গত বছরের ৫ ডিসেম্বর এককভাবে নিজেদের করে নেয় তারা। সেদিন কার্তাহেনায় ক্রোয়েশিয়াকে হারিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ে স্পেন। তাতে নাইজেরিয়া, জাপান ও উগান্ডার ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড পেছনে পড়ে যায়।

এরপরও থামেনি স্পেনের জয়যাত্রা। রেকর্ড গড়ার পর আরও চার ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থাকার সংখ্যা এখন ২২ ম্যাচ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অপরাজিত থাকার রেকর্ডটি অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ভারতের দখলে। তিন দলই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। ভারত এই কীর্তি অর্জন করেছে দুবার।

সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫ টেস্টে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ছুঁতে স্পেনের প্রয়োজন আরও চার ম্যাচে অপরাজিত থাকা।

অস্ট্রেলিয়াই একবার এই রেকর্ডের আরও কাছাকাছি গিয়েছিল। ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল রিকি পন্টিংয়ের দল। কিন্তু নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে ২ উইকেটে হেরে সেই ধারায় ছেদ পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত