Ajker Patrika

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক। ফাইল ছবি

জিম্বাবুয়ের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়ে ধবলধোলাই এড়িয়েছে সফরকারীরা। সিরিজ হারলেও শেষ ম্যাচের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাঁর বিশ্বাস, এই জয় এবং জিম্বাবুয়ের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে দলের জন্য কাজে লাগবে।

জিম্বাবুয়ের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিয়ে মিরাজ বলেন, ‘নতুন ভেন্যুতে নতুন কন্ডিশনে অনেক দিন পর খেলা হলো। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে আমরা কন্ডিশন অনুযায়ী এই শিক্ষা কাজে লাগানোর চেষ্টা করবো।’

সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হয়েছে বাংলাদেশকে। বিপরীতে বোলাররা ছিলেন দুর্দান্ত। তাই তানকিন, রানাদের প্রশংসা করতে ভুলেননি মিরাজ, ‘ছেলেরা শুরু থেকে অনেক ভালো খেলেছে। তাসকিন, শরীফুল অনেক ভালো বল করেছে; তারা দায়িত্ব নিয়েছে। আমি সবাইকে বলেছি আগের দুই ম্যাচে যা হয়েছে তা চলে গেছে, সামনে জিতলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের করা ১৪১ রানের জবাবে ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ২৪৮ রান করতে হতো অতিথিদের। রান তাড়ায় ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের কারণে আলোচনায় ছিল হারারের উইকেট। এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘উইকেট বেশ কঠিন ছিল। তবে বোলারদের সুবিধা ছিল। তাই আগে বল নিয়েছি ৩ ম্যাচেই, সুবিধা কাজে লাগিয়েছি। আমাদের পেসাররা পুরো সিরিজেই অনেক ভালো বল করেছে। নাহিদ রানা, তাসকিন, শরিফুল পুরো সিরিজে দুর্দান্ত ছিল।’

শেষ ওয়ানডেতে ২০০ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ১৫১ রান যোগ করেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। দলের জয়ের জন্য এই জুটিকে কৃতিত্ব দিলেন মিরাজ, ‘দারুণ জুটি গড়েছে সৌম্য এবং তানজিদ। প্রথম ১০ ওভারে উইকেট দিব না বলে আমরা আলোচনা করেছি। সৌম্য এবং তানজিদ দারুণ ব্যাট করেছে। এগুলো আমাদের আত্মবিশ্বাস দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত