Ajker Patrika

মুশফিকের চোখে এই বাংলাদেশ অনেক আলাদা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ মে ২০২৬, ১৭: ৪৬
মুশফিকের চোখে এই বাংলাদেশ অনেক আলাদা
মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: এএফপি

ওভারের পর ওভার করে গেলেও উইকেটের দেখা মিলছে না। তবে নিজেরা যখন ব্যাটিংয়ে নামে, তখন মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ে। গল্পটা যে বাংলাদেশ সম্পর্কে বলা, সেটা অনেকেই ধরতে পেরেছেন। এসব কারণে টেস্টে বহু ম্যাচ বাংলাদেশ হেরেছে। মুশফিকুর রহিম আগের বাংলাদেশের সঙ্গে বর্তমান বাংলাদেশের অনেক পার্থক্য খুঁজে পেয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী টেস্টে ২৫ বছরে বাংলাদেশ জিতেছে ২৬ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে হেরেছে ১১২ ম্যাচ। ব্যাটিং, বোলিং ব্যর্থতার পাশাপাশি ফিল্ডারদের পিচ্ছিল হাতও একটা কারণ হিসেবে কাজ করছে। তবে সাম্প্রতিক সময়ে এই চিত্র অনেকটা বদলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের পর পাকিস্তান টেস্ট—ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের হ্যাটট্রিক জয়ে বোলাররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিন ম্যাচেই প্রতিপক্ষের পূর্ণ ৬০ উইকেট তুলে নিয়েছেন নাহিদ রানা, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা।

সিলেটে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ টেস্ট ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্টে বিশেষ করে যেটা আগে ছিল যে অভিজ্ঞতার দিক থেকে বোলিং বিভাগে ঘাটতি দেখা গিয়েছিল। আমি যখন অধিনায়ক ছিলাম, হয়তোবা আমার কাছে ব্যাটার ছিল। কিন্তু ২০ উইকেট নেওয়ার মতো সেরকম চার বোলার ছিল না। টেস্টে এখন আমাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক উন্নত। ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে ২ বছর খেলেই সাড়া ফেলে দিয়েছেন নাহিদ রানা। বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। মিরাজও পেয়েছেন ৬ উইকেট। তাসকিন, তাইজুলও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিয়েছেন।

মিরপুরের সবুজ উইকেটে স্পিন-পেসারদের সমানে সমানে দাপটেই প্রমাণ করে, বাংলাদেশ বোলিংয়ে কতটা উন্নতি করেছে। সিলেটে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘এখন হয়তোবা অনেকে বলতে পারেন যে আমাদের পেসাররা অনেক তরুণ। আমি তরুণ শব্দটা এ কারণে বলি না যে আপনি টেস্ট খেললে অভিজ্ঞ হয়ে যাবেন। ব্যাপারটা তেমন নয়। আপনি যদি রানাকে দেখেন, সে অনেক বছর ক্রিকেট খেলছে। টেস্ট ক্রিকেট হয়তোবা নতুন। কিন্তু সে প্রথম শ্রেণির ক্রিকেটে, জাতীয় দলে বলেন, ভিন্ন লেভেলের ক্রিকেট খেলছে। অভিজ্ঞতার দিক থেকে বলব যেকোনো কন্ডিশনে স্পিনাররা তো বরাবরই ভালো ছিল। কিন্তু যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা যোগ হবে, তখন অবশ্যই আমার কাছে মনে হয় যে ব্যাটাররা যদি ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি, যেটা কিনা গত তিন চার বছর খুব ভালো হচ্ছে টেস্টে।’

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সিলেটে টেস্টের প্রথম দুই দিন (১৬ ও ১৭ মে) বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশের বেশি। আজও ক্রিকেটারদের অনুশীলনের সময় বৃষ্টি বাগড়া দিয়েছে। উইকেট, কন্ডিশন যেমনই হোক, পাঁচ দিন ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে সিলেট টেস্টেও বাংলাদেশ জিতবে বলে মনে করেন মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ ও বৈচিত্র্য রয়েছে। এটা যেকোনো একটা টেস্ট দলকে যেকোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, ফল বের করতে সুবিধা করে দেবে। শুধু সেই পাঁচ দিন আমাদের দারুণভাবে কাজে লাগাতে হবে।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সাত ম্যাচ জিতে যৌথভাবে শীর্ষে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে মুশফিক সাত টেস্ট জিতেছেন ৩৪ টেস্টে অধিনায়কত্ব করে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে ১৮ টেস্ট। শান্তর নেতৃত্বে ১৭ টেস্টের মধ্যে বাংলাদেশ জিতেছে ৭ টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত