
বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ব্যাটারদের কাছে রীতিমতো যমে পরিণত হয়েছেন রানা। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও রানার প্রশংসায় পঞ্চমুখ। আশিকুর রহমান মজুমদারের চোখে রানার মতো পেসার বাংলাদেশের জন্য আশীর্বাদ।
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে নাজমুল হোসেন শান্ত ম্যাচসেরার পুরস্কার জিতলেও সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলীর চোখে রানা ম্যাচসেরা। বাসিতের মতে রানার নাম শুনলেই পাকিস্তান কাঁপে। ২০২৪ সালে পাকিস্তানের মাঠে গিয়ে কাঁপিয়ে এসেছিলেন রানা। টেস্ট সিরিজ শুরুর আগে পিএসএলে পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করেছেন তাঁর গতির ঝড়ে।
এক সময়ে জোয়েল গার্নার, ম্যালকম মার্শালের মতো ক্যারিবীয় পেসার, অস্ট্রেলিয়ার ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা, পাকিস্তানের ওয়াসিম,ওয়াকারদের নিয়ে এক সময় যে আলোচনা হতো, এবার রানাকে নিয়ে বিশ্ব ক্রিকেটে হই চই পড়ে গিয়েছে। রানার উপস্থিতি দলকে কতটা উজ্জীবিত করে—সিলেটে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিক বলেন, ‘এটা খুব ভালো একটা দিক। আমাদের দেশে আগেও ১৪০-১৪৫ গতিতে বোলিং করার মতো বোলার ছিল। তবে নাহিদ রানা আমাদের পেস বোলিংয়ের নতুন এক সেনসেশন। বাংলাদেশের জন্য একটা বড় প্লাস পয়েন্ট।’
তাসকিন আহমেদ ১২ বছর ধরে খেলছেন বাংলাদেশের জার্সিতে। গতির চেয়েও নিখুঁত লাইন লেংথে উইকেট তুলে নিতে তাঁর জুড়ি মেলা ভার। ব্যাটারদের সঙ্গেও মনঃস্তাত্ত্বিক খেলা খেলতে পারেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার। রানা-তাসকিনের পাশাপাশি শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরীদের প্রশংসায় ভাসিয়েছেন আশিক, ‘আমাদের তাসকিনও ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে। ইবাদত আর শরীফুলও ভালো বোলিং করছে। নাহিদ রানার মতো পেসার আমাদের দলে থাকাটা ইতিবাচক দিক।’
হাঁটুর চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর আজম। প্রথম টেস্টে দুই অভিষিক্ত আজান আওয়াইস, আব্দুল্লাহ ফজল ছাড়া বাকিদের ব্যাট থেকে তেমন কোনো ঝলক দেখা যায়নি। সালমান আলী আঘা, মোহাম্মদ রিজওয়ান প্রথম ইনিংসে ফিফটি করলেও ব্যর্থ হয়েছেন দ্বিতীয় ইনিংসে।
দ্বিতীয় টেস্টে বাবরের ফেরা নিয়ে আলোচনা চলছে। এটা নিয়ে তেমন একটা দুশ্চিন্তা করছেন না আশিক। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফিল্ডিং কোচ বলেন, ‘আমার কাছে তেমন কিছু মনে হয় না। কারণ, আমাদের ক্রিকেটাররা অনেক অভিজ্ঞ এবং উজ্জীবিত। তা ছাড়া তাদের সঙ্গে আমাদের ক্রিকেটাররা অনেকদিন ধরেই খেলছে। তারা জানে তার (বাবর) শক্তির জায়গা কোনটা আর দুর্বলতার জায়গা কোনটা।’
ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতি আশিকের চোখে স্পষ্ট হয়ে পড়েছে। ডাইভ দিয়ে ক্যাচ ধরার পাশাপাশি দ্রুত গতির বল ছোঁ মেরে তালুবন্দী করছেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্তরা। তাঁর দৃষ্টিতে ফিল্ডিংয়ে বিশ্বের সেরা দুইয়ে থাকার মতো দল বাংলাদেশ। আজ সিলেটে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফিল্ডিং কোচ বলেন, ‘আমাদের ক্রিকেটারদের মধ্যে একটা জিনিস আমি অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি। সেটা হলো তারা দ্রুত সব কিছু বুঝতে পারে। তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। অনুশীলনের সময় সবকিছু দারুণভাবে করে তারা। আর ঘণ্টায় ১৪০ কিলোমিটার, ১৩৮ কিলোমিটার গতির যে বল সাদমান ক্যাচ ধরেছে, এত কাছ থেকে ধরা এবং ব্যাটার যেভাবে কাট শট খেলেছিল, তাতে ধরা সহজ না। আসলে সাদমানসহ আমাদের ক্রিকেটারদের মনোযোগ ক্ষমতা ১০০ তে ১০০।’

২০২৬ আইপিএলে দুই পাঞ্জাবের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। এই লাইন শুনে অনেকের হয়তো মনে প্রশ্ন তৈরি হতে পারে পাঞ্জাবের দুটি ফ্র্যাঞ্চাইজি কি খেলছে? আসলে তা নয়। পাঞ্জাব কিংসের শুরুটা যত দাপটের সঙ্গে হয়েছিল, এখন শেষভাগে এসে মুখ থুবড়ে পড়েছে দলটি। দলের বাজে অবস্থায় নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
৯ মিনিট আগে
আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তা-ই হলো। কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। থাকছেন তিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত।
১ ঘণ্টা আগে
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ধ্রুপদী ফাইনাল হেরে রানার্সআপ হয়েছিল ফ্রান্স। ফরাসিদের সেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছিলেন রান্দাল কোলো মুয়ানি, এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তারকারা। তবে সাড়ে তিন বছর পর এসে আরেক বিশ্বকাপে জায়গা করে নিতে পারলেন না কোলো মুয়ানি-কামাভিঙ্গা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগ শেষ হতে বাকি রয়েছে দুই রাউন্ড। অথচ শিরোপার দাবিদার হিসেবে লড়াইয়ে টিকে আছে তিনটি দল। তবে আজ কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল ৩টা ৪৫ মিনিটে যখন বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড মুখোমুখি হবে, তখন লিগেরই ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২ ঘণ্টা আগে