Ajker Patrika

আইসিসির শাস্তিও পেল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৩
আইসিসির শাস্তিও পেল শ্রীলঙ্কা
হারের পর আইসিসির শাস্তিও পেল শ্রীলঙ্কা। ছবি: এএফপি

জিততেই যেন ভুলে গেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজের শুরুটাও লঙ্কানদের হলো বাজেভাবে। হারের পর শাস্তিও জুটল শ্রীলঙ্কার কপালে।

শ্রীলঙ্কাকে শাস্তি দেওয়ার কথা গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে লঙ্কান ক্রিকেটারদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ইংল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডের মাঠের আম্পায়ার ওয়েন নাইটস ও গ্রাহাম লয়েড, তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার জেমস মিডলব্রুক অভিযোগ এনেছেন। ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি দিয়েছেন।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ ধারা মূলত স্লো-ওভার রেটের শাস্তির সঙ্গে সম্পর্কিত। প্রত্যেক এক ওভার কম বোলিংয়ের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। পরশু চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করেছিল শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস অপরাধ স্বীকার করেছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ইংল্যান্ড সফরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে ইংল্যান্ড। চেস্টার-লি-স্ট্রিটে স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৭৯ রানে হেরে যায় লঙ্কানরা। টস জিতে আগে ব্যাটিং নিয়ে ইংল্যান্ড ৪৮.১ ওভারে ২৬৫ রানে গুটিয়ে যায়। জবাবে লঙ্কানরা ৩৭ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায়।

প্রথম ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস। ছয় নম্বরে নেমে ৪৭ বলে ৮ চারে ৪৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৭ ওভারে ২২ রানে নিয়েছেন ৫ উইকেট। মিডল অর্ডার ব্যাটার দুনিথ ভেল্লালাগে ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৫ রান করলেও কেবল হারের ব্যবধান কমাতে পেরেছেন। আজ লিডসে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। লন্ডনের ওভালে ২৭ সেপ্টেম্বর হবে তৃতীয় ওয়ানডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত