Ajker Patrika

নিজেদের ফিরে পাওয়ার লড়াই জার্মানির

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ মে ২০২৬, ১৬: ৪৬
নিজেদের ফিরে পাওয়ার লড়াই জার্মানির
সবশেষ দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: এএফপি

বিশ্বকাপের মঞ্চে জার্মানি নামটির সঙ্গে জড়িয়ে থাকে এক দীর্ঘ ইতিহাস। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তকমাই বলে দেয় পরিসংখ্যানের পাতায় ডাই মানশাফটদের অবস্থান বেশ সুদৃঢ়। তবে মাঠের বাস্তবতায় জার্মানির ফুটবল এখন দাঁড়িয়ে আছে বৈপরীত্যের মুখে।

একদিকে ১৯৫৪ সালের ‘মিরাকল অফ বার্ন’ কিংবা ২০১৪ সালে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর স্মৃতি, আর অন্যদিকে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের ক্ষত। এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়েই ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে ইউলিয়ান নাগেলসমানের দল। টানা ১৯ বারের মতো বিশ্বমঞ্চে নামার আগে জার্মান ফুটবল এখন পালাবদল ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

বাছাইপর্বের শুরুটা জার্মানির জন্য মসৃণ ছিল না। ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরে ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়ায় নাগেলসমানের দল। শেষ ম্যাচে সেই স্লোভাকদেরই ৬-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এ’র শীর্ষস্থান নিশ্চিত করে তারা।

তবে এই টিকিট পাওয়ার লড়াই সহজ ছিল না, বরং ছিল চোটজর্জর এক দলের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফুলক্রুগ ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের মতো ফুটবলারদের ছাড়াই জার্মানিকে বাছাইপর্ব পার হতে হয়েছে। এই চোটের কারণে দলের গতি যেমন কমেছে, তেমনই কোচকেও বাধ্য করেছে বিকল্প পথ খুঁজতে।

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের আগে দলের দায়িত্ব নেন নাগেলসমান। ক্লাব ফুটবলে ভিন্ন মেজাজের জন্য পরিচিত এই কোচ জাতীয় দলের ডাগআউটে এসে নিজের কৌশলে পরিবর্তন এনেছেন। তাঁর অধীনে জার্মানি এখন মাঠের নিয়ন্ত্রণে এবং রক্ষণভাগে বেশি মনোযোগ দিচ্ছে।

হান্সি ফ্লিকের আমলের পাসিং ফুটবল থেকে সরে এসে নাগেলসমান দলকে রক্ষণাত্মকভাবে শক্ত করেছেন, তবে কাউন্টার অ্যাটাকের চিরাচরিত জার্মান ধাঁচটি বজায় রেখেছেন। ইয়োশুয়া কিমিখ ও ডেভিড রাউমের মতো ফুলব্যাকরা যখন প্রান্ত ছেড়ে ভেতরের দিকে ঢুকে মিডফিল্ডারের ভূমিকায় খেলেন, তখন প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি হয়।

এই ছকের মূল ভরসা হলেন জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান ভাইর্টজ। দুই প্লেমেকারের ফর্মের ওপরই নির্ভর করছে বিশ্বকাপে জার্মানির গতিপথ। তবে ক্লাব বিশ্বকাপে গোড়ালির চোটে পড়া মুসিয়ালা কত দ্রুত নিজের চেনা ছন্দে ফিরবেন, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

হাভার্টজের চোটের কারণে টিম ক্লেইনডিন্স্ট বা নিক ভোল্টমেডদের মতো বিকল্পদের পরখ করতে হচ্ছে নাগেলসম্যানকে। সব মিলিয়ে, ২০২৫ নেশনস লিগের সেমিফাইনালে পর্তুগালের কাছে হার কিংবা বাছাইপর্বের কিছু পারফরম্যান্স জানান দিচ্ছে, জার্মানি এখনও স্বরূপে ফিরতে পারেনি।

কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডরকে নিয়ে গড়া ‘ই’ গ্রুপটি সহজ মনে হলেও, অতীত অভিজ্ঞতা বলছে জার্মানিকে সতর্ক থাকতে হবে। উত্তর আমেরিকার মাটিতে এই মিশন তাই জার্মানির জন্য কেবল আরেকটি টুর্নামেন্ট নয়, বরং ফুটবলে নিজেদের হারিয়ে যাওয়া জায়গা ফিরে পাওয়ার লড়াই।

ইউলিয়ান নাগলসমানের অধীনে এবার খেলবে জার্মানি। ছবি: এএফপি
ইউলিয়ান নাগলসমানের অধীনে এবার খেলবে জার্মানি। ছবি: এএফপি

কোচ ইউলিয়ান নাগেলসমান

মাত্র ২৮ বছর বয়সে হফেনহেইমের দায়িত্ব নিয়ে পরিচিতি পান ইউলিয়ান নাগেলসমান। পরে লাইপজিগ ও বায়ার্ন মিউনিখ ঘুরে কোচ হন জাতীয় দলের। ক্লাব ফুটবলে তাঁকে রাগী ও অহংকারী মনে করা হলেও, জার্মানিকে পুনরুজ্জীবিত করে বেশ ভালোই জনপ্রিয়তা পান। ইউরো ২০২৪ ইউরোয় বিদায়ের পর তাঁর অশ্রুসজল চোখ সবার নজর কাড়ে। তবে ২০২৫ নেশনস লিগে পর্তুগালের কাছে হার এবং বাছাইপর্বে কাঠখড় পোড়ানোর কারণে তাঁর প্রস্তুতি নিখুঁত ছিল না।

ফ্লোরিয়ান ভাইর্টজের দিকে চোখ থাকবে জার্মানির। ছবি: এএফপি
ফ্লোরিয়ান ভাইর্টজের দিকে চোখ থাকবে জার্মানির। ছবি: এএফপি

তারকা ফ্লোরিয়ান ভাইর্টস

ড্রিবলিং, ফুটবল বুদ্ধিমত্তা ও পরিশ্রমের ক্ষমতা নিয়ে ২০২৬ বিশ্বকাপ কাঁপাতে প্রস্তুত ফ্লোরিয়ান ভাইর্টস। কোচ নাগেলসমান তাঁকে কেন্দ্র করেই সাজাচ্ছেন দল। জাতীয় দলের হয়ে ৩৯ ম্যাচে ১০ গোল ও ১১ অ্যাসিস্ট করা এই তারকা ২০২১ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে জেতেন ইউরো। জাবি আলোনসোর অধীনে ২০২৩-২৪ মৌসুমে লেভারকুসেনকে ঘরোয়া ডাবল জেতাতে মূল ভূমিকা রাখেন তিনি। ক্লাবটির হয়ে ১৯৭ ম্যাচে ৫৭ গোল করার পর বুন্দেসলিগার দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফিতে যোগ দেন লিভারপুলে।

র‍্যাঙ্কিং: ১০

অংশগ্রহণ: ২১

ডাকনাম: ডাই মানশাফট

সর্বোচ্চ সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫৪,১৯৭৪, ১৯৯০,২০১৪)

অঞ্চল: ইউরোপ

বিশ্বকাপে জার্মানির পারফরম্যান্স
ম্যাচজয়ড্রহার
১১২৬৮২১২৩
বিশ্বকাপে জার্মানির ম্যাচ
তারিখপ্রতিপক্ষভেন্যৃুশুরুর সময় (বাংলাদেশ সময়)
১৪ জুনকুরাসাওহিউস্টনরাত ১১টা
২০ জুনআইভরি কোস্টটরন্টোরাত ২টা
২৫ জুনইকুয়েডরনিউইয়র্করাত ২টা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত