Ajker Patrika

অস্ট্রেলিয়ার মাঠ নিয়ে অভিযোগ ব্রাজিলের কোচের

ক্রীড়া ডেস্ক    
অস্ট্রেলিয়ার মাঠ নিয়ে অভিযোগ ব্রাজিলের কোচের
ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: এএফপি

দুর্ঘটনা আরেকটু হলে ঘটেই যেত। ২৫ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ব্রাজিলের হার কেবল ছিল সময়ের ব্যাপার। কিন্তু অল্পের জন্য হার এড়িয়েছে ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ ড্রয়ের পর মাঠ নিয়ে অভিযোগ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে গত ৫ জুলাই নিউজার্সিতে শেষ ষোলোতে বিদায়ের প্রায় তিন মাস পর মাঠে নামে ব্রাজিল। আজ কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেই বসেছিল ব্রাজিল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রায়ান হেড থেকে সমতাসূচক গোল হয়। ১-১ সমতায় শেষ হয় ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ।

কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামের অবস্থা ফুটবল খেলার উপযুক্ত নয় বলে সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। আনচেলত্তিও দলের পারফরম্যান্স ছাপিয়ে মাঠ নিয়ে প্রশ্ন তুলেছেন। ১-১ গোলে ড্রয়ের পর সংবাদমাধ্যমকে ব্রাজিল কোচ বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। ভালো ফুটবল খেলার জন্য মাঠটা খুব একটা ভালো ছিল না। তবে শেষ পর্যন্ত আমরা লড়াই করে গেছি।’

ব্রাজিলের হয়ে গত ৫ জুলাই নেইমার শেষ ম্যাচ খেলার পর আনচেলত্তি নতুন শুরু করেন। বিশ্বকাপ দলে থাকা অনেক ফুটবলারকে বাদ দিয়ে নতুনদের নিয়ে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ। নেইমারের অবসরের পর নতুন নম্বর ১০ হয়ে গেলেন রাফিনিয়া। তবে নতুন দায়িত্ব পেলেও রাফিনিয়া একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন। ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাওয়ের অনেক আক্রমণ যেমন অস্ট্রেলিয়া গোলরক্ষক প্যাট্রিক বীচ প্রতিহত করেছেন, তেমনি ব্রাজিলের খেলোয়াড়রাও সুযোগ হাতছাড়া করেছেন।

৬৮ মিনিটে ব্রাজিলের গোলরক্ষক হুগো সুজাকে বোকা বানিয়ে ফ্রি কিকে গোল করেন অস্ট্রেলিয়ার উইঙ্গার নেস্তরি ইরানকুন্ডা। গোল হজমের পর ৭৬ মিনিটে আনচেলত্তি তিন পরিবর্তন আনেন। যার মধ্যে এস্তেভাওয়ের পরিবর্তে নামেন রায়ান। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে হেডে গোল করে দলের হার এড়িয়েছেন রায়ান।

এমনিতেই ২০০২ বিশ্বকাপ জয়ের পর টানা ৬ বিশ্বকাপে নকআউট পর্বে ইউরোপীয় দলের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। তার ওপর অস্ট্রেলিয়ার কাছে হারতে হারতে বেঁচে যাওয়া—ব্রাজিলের ভক্ত-সমর্থকদের হতাশা বেড়েই চলেছে। ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে আনচেলত্তি বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। এমন পরীক্ষা করতে হবে। যারা কম খেলেছে, তাদের সুযোগ দিতে হবে। সামনে এগিয়ে যেতে হবে, কারণ এটা একটা পরীক্ষা ছিল এবং পরেরটা হবে আরেকটি পরীক্ষা।’

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-অস্ট্রেলিয়া। ছয়বারই জিতেছে ব্রাজিল। আজকের ম্যাচসহ দুটি ড্র করেছে। সকারুরা জিতেছে এক ম্যাচ। ২০০১ সালে ফিফা কনফেডারেশন কাপে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

এবারের ফিফা উইন্ডোতে তিন ম্যাচের দুটিই ব্রাজিল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর ফের মুখোমুখি হবে ব্রাজিল-অস্ট্রেলিয়া। এই ম্যাচটি হবে সানকর্প স্টেডিয়ামে। সল্টলেকে ৩ অক্টোবর মুখোমুখি হবে ব্রাজিল-ভারত। ফুটবল ইতিহাসে এবারই প্রথমবার মুখোমুখি হচ্ছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত