
ব্রাজিলের ‘ও গ্লোবো’ পত্রিকা একটা মজার প্রতিবেদন প্রকাশ করেছে তাদের দলের নকআউটের সম্ভাব্য সূচি নিয়ে। প্রতিবেদনের শিরোনাম—‘গ্রুপে ১ম, ২য় নাকি ৩য়—ব্রাজিলের ম্যাচের দিন কাজে বেশি ছুটি পেতে কোন ফল সমর্থন করবেন?’
কেন এই প্রতিবেদন, সেটির ব্যাখ্যায় গ্লোবো লিখেছে, ‘বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিলের সব ম্যাচই অফিস সময় শেষ হওয়ার পর নির্ধারিত হওয়ায় পরের পর্বে সমর্থকদের জন্য সম্ভাব্য ছুটির বিভিন্ন পরিস্থিতি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। দল প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়—যে স্থানেই শেষ করুক না কেন, দুপুরের শুরু থেকে মধ্যভাগে হওয়া কর্মজীবীদের জন্য ভিন্ন ভিন্ন বিরতি নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।’
শ্রম আইন অনুযায়ী, ম্যাচের দিনে কোনো প্রতিষ্ঠানই তাদের কর্মীদের ছুটি দিতে বাধ্য নয়। তবু ফুটবল পাগল ব্রাজিলিয়ানদের মূল্যবান কর্মঘণ্টার ফাঁকে সময় খুঁজতে হচ্ছে প্রিয় দলের খেলা দেখতে। কার্লো আনচেলত্তির দল নিশ্চয়ই দেশের ভক্ত-সমর্থকদের কর্মঘণ্টার দিকে তাকিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মায়ামিতে খেলতে নামবে না। তারা স্রেফ স্কটিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করতে চাইবে পরের রাউন্ড। আর আনচেলত্তির কথা অনুযায়ী, এ ম্যাচই হতে যাচ্ছে নেইমারের ফেরার ম্যাচ।
৩৪ বছর বয়সী নেইমারকে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরিয়ে এনেছেন আনচেলত্তি। দল ঘোষণার পরই পাওয়া চোটে টুর্নামেন্টে এখন পর্যন্ত ১ মিনিট খেলতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান তারকা সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালে। বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়ে ৬৫০ দিনের বেশি সময় তিনি মাঠের বাইরে। গত বছর নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ক্যারিয়ার নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছেন। কিন্তু প্রত্যাবর্তনের সেই প্রচেষ্টা বারবার থমকে গেছে।
এ বছর খেলা ১৫ ম্যাচে ৬টি গোল করেছেন, আছে ৪টা অ্যাসিস্ট। তবে খেলতে হয়েছে খুব সতর্কতার সঙ্গে। ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর থেকে তিনি কখনোই টানা চার ম্যাচের বেশি খেলেননি। পুরোপুরি ফিট না হওয়ার পরও আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা হয়েছে নেইমারের। এ নিয়ে বিতর্ক থাকলেও নেইমারের উপস্থিতি ব্রাজিল দলকে যথেষ্ট উজ্জীবিত করেছে।
মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচ মিস করার পর গত সপ্তাহে নেইমার পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। গত সোমবার তিনি আনচেলত্তির অধীনে প্রথমবারের মতো কৌশলগত ও দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন। ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নেইমার মাঠে ফিরতে প্রস্তুত।
সোমবার সংবাদ সম্মেলনে মার্তিনেল্লি বলেছেন, ‘খুবই ভালো অবস্থায় আছে সে (নেইমার)। মাঠে নামতে সে কতটা আগ্রহী, সেটাও পরিষ্কার। আর তার সামর্থ্য নিয়ে তো কোনো প্রশ্নই নেই।’ তবে নেইমারের খেলানোর বিষয়টি কোচের কোর্টে ঠেলে দিয়েছেন মার্তিনেল্লি, ‘সে খেলবে কি না, সিদ্ধান্ত কোচের। তবে আমার মনে হয়, সে দারুণ ফিট আছে।’
মরক্কোর বিপক্ষে ১-১ ড্র হওয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কিছুটা নিষ্প্রভ ফুটবল খেললেও হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজেদের ফিরে পেয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে ফুটবলই উপহার দিতে হবে ব্রাজিলিয়ানদের। স্কটল্যান্ডের বিপক্ষে জয় অথবা ড্র করলে আর একই সময়ে মরক্কো যদি হাইতিকে হারাতে না পারে, তাহলেও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করবে।
স্কটল্যান্ডের সঙ্গে ব্রাজিলের লড়াইয়ের আগে সামনে আসছে পুরোনো এক ইতিহাস। এখন পর্যন্ত দুই দল মাত্র চারবার মুখোমুখি হয়েছে। আবহাওয়া, ভাষা, খাবার কিংবা প্রিয় পানীয়—সবকিছুতেই ব্রাজিল ও স্কটল্যান্ড দুই ভিন্ন পৃথিবীর দেশ। কিন্তু তাদের মধ্যে রয়েছে এমন এক ঐতিহাসিক বন্ধন, যার সূত্রপাত ব্রাজিল ফুটবলের একেবারে জন্মলগ্নে। গল্পটা অনেকেরই জানা। মায়ামিতে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটা শুধুই দুটি দেশের আরেকটি বিশ্বকাপ লড়াই নয়; এটি এমন এক ঐতিহাসিক সম্পর্কের পুনর্মিলন, যার সূচনা হয়েছিল একজন ব্রাজিলীয় ফুটবল অগ্রদূতের হাত ধরে—যিনি ছিলেন একজন স্কটিশ অভিবাসীর সন্তান।
হাইতির বিপক্ষে মাথিয়াস কুনিয়াকে দিয়ে ‘নাম্বার নাইনে’র দারুণ সমাধান পাওয়ার পরও ডান প্রান্তের আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্রাজিল কোচ আনচেলত্তি। হ্যামস্ট্রিং চোটে রাফিনিয়া ছিটকে গেছেন। হাইতির বিপক্ষে তাঁর জায়গায় বোর্নমাউথের তরুণ রায়ান খেলেছিলেন। তবে স্কটল্যান্ডের বিপক্ষে লুইস হেনরিকের শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি।

ঘানার রক্ষণাত্মক কৌশলের গোলকধাঁধায় হারিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনের অবিশ্বাস্য এক মিস এবং ও'রেইলির শট ক্রসবারে লাগার নাটকীয়তায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টমাস টুখেলের দলকে। পুরো ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও ব্ল্যাক স্টারদের জমাট ‘লো ব্লক’ ভাঙতে না পারার চরম হতা
২ ঘণ্টা আগে
বাইরের সমালোচনা কিংবা সমসাময়িক অন্য খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আলোচনা যে এই মুহূর্তে তাঁর একদমই পছন্দ নয়, সেটি তাঁর আচরণেই স্পষ্ট ছিল।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মাঝপথেই বড় এক ধাক্কা খেলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পেয়ে জরুরি ভিত্তিতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন তিনি। ফলে শুক্রবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে না তাঁকে।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের শিরোপা লড়াই এখনো অনেক দূরের গল্প। কিন্তু আরেকটি লড়াই ইতিমধ্যে দর্শকদের দৃষ্টি কেড়ে নিয়েছে—গোল্ডেন বুটের দৌড়। আর সেই দৌড়ে এখন সবচেয়ে উজ্জ্বল তিন নাম—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। তিনজনের বয়স, অভিজ্ঞতা ও ক্যারিয়ারের অবস্থান ভিন্ন। একজন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা...
৪ ঘণ্টা আগে