মিচেল স্টার্ককে (বায়ে) ফেরানোর পর মার্কো ইয়ানসেনের (ডানে) উদযাপন। সপ্তম উইকেটে মারনাস লাবুশেন-স্টার্কের ৬৯ রানের জুটি ভাঙতেই দ্রুত গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩১২ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৪০.৫ ওভারে অলআউট হয়ে যায় ১৭৭ রানে। ১৩৪ রানে হেরে-১.৮৪৬ নেট রানরেট নিয়ে অস্ট্রেলিয়া এখন পয়েন্ট তালিকার ৯ নম্বরে। ছবি: এএফপি
প্রথমে ১০৬ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১০৯ রান করেছেন কুইন্টন ডি কক। ব্যাটিংয়ের পর উইকেট কিপিংয়েও দেখিয়েছেন মুন্সিয়ানা। দুটো ক্যাচ ধরেছেন, যার মধ্যে মার্কাস স্টয়নিসের ক্যাচটা ছিল অসাধারণ। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। ছবি: এএফপি
২০২৩ বিশ্বকাপ শেষেই ওয়ানডে থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন কুইন্টন ডি কক। নিজের শেষ বিশ্বকাপটা তিনি রাঙাচ্ছেন নিজের মতো করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে এবারের বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটা তাঁর ১৯ তম সেঞ্চুরি। ছবি: এএফপি
দুর্দান্ত এক ডেলিভারিতে দশম ওভারের পঞ্চম বলে স্টিভ স্মিথকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন কাগিসো রাবাদা। অনফিল্ড আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউর সাহায্যে নিতে হয়েছে উইকেট। স্মিথের পর জস ইংলিশ, মার্কাস স্টয়নিস এই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকেও ফিরিয়েছেন রাবাদা। ৩৩ রানে ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার তিনিই। ছবি: এএফপি
৪৯ তম ওভারের দ্বিতীয় বলে প্যাট কামিন্সকে তুলে মারতে যান ডেভিড মিলার। বাউন্ডারি লাইন থেকে দূরে এসে প্রথমে বল ধরলেও তা ঠিকমতো তালুবন্দী করতে পারেননি মিচেল স্টার্ক। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ এটাই যেন অস্ট্রেলিয়ার বাজে ফিল্ডিংয়ের প্রতীকী চিত্র। ছবি: এএফপি
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মাঝে একপ্রান্ত আগলে খেলতে থাকেন মারনাস লাবুশেন। ৭০ রানে ৬ উইকেট হারানোর পর মিচেল স্টার্ককে নিয়ে সপ্তম উইকেটে ৬৯ রানের জুটি গড়তে অবদান রেখেছেন লাবুশেন। লাবুশেনের ৭৪ বলে ৪৬ রানের ইনিংসটিই অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ রান। ছবি: এএফপি