এবারও ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

মধুর প্রতিশোধ বলতে যা বোঝায়, নিউজিল্যান্ড তা-ই করল। ভারতের কাছে আগেভাগেই সিরিজ খুইয়ে ফেলার পর স্বাগতিকেরা ঘুরে দাঁড়াল দারুণভাবে। শেষ দুই টি-টোয়েন্টিতে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। যার মধ্যে হ্যামিল্টনে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে টস জিতে যে সিদ্ধান্ত নিয়েছে, তাতেই সফল ব্ল্যাকক্যাপসরা।
ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যে দলই টস জিতেছে, তারাই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে প্রথম তিন টি-টোয়েন্টিতে রান তাড়া করতে গিয়ে জেতে ভারত। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত সিরিজ নিশ্চিতের পর চতুর্থ টি-টোয়েন্টিতেও ফিল্ডিং নিয়েছে। তবে এবার কিউইরা ৮৭ রানের দাপুটে জয়ে সিরিজ প্রথম জয় পায়। আজ হ্যামিল্টনে ৭ উইকেটে জিতে সান্ত্বনার জয় সিরিজ শেষ করেছে স্বাগতিকেরা।
ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্যে নেমে ১.৩ ওভারে ১ উইকেটে ৯ রানে পরিণত হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৭৩ রানের জুটি গড়েন ড্যারিল মিচেল ও টিম সাইফার্ট। নবম ওভারের তৃতীয় বলে মিচেলকে (২৯) ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী।
তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপস-টিম সাইফার্টের ৪২ বলে ৮৬ রানের জুটিতে নিউজিল্যান্ড অনেকটা জয়ের পথে এগিয়ে যায়। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৭ রান দূরে থাকতে আউট হয়েছেন সাইফার্ট। ১৬তম ওভারের তৃতীয় বলে সাইফার্টকে বোল্ড করেন নীতিশ কুমার রেড্ডি। ৫০ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৩ রান করেন নিউজিল্যান্ডের ওপেনার। ১৮ ওভারে ৩ উইকেটে ১৯৫ রান করে ফেলে কিউইরা।
নিউজিল্যান্ডের এই সহজ জয়ে দায় রয়েছে ভারতের বাজে ফিল্ডিংয়েরও। যার মধ্যে সাইফার্ট ১৩ রানে জীবন পেয়ে করেন ৯৩ রান। ফিলিপস ২৩ ও ৩১ রানে দুইবার জীবন পেয়েছেন। ৩৮ বলে ৬৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।
হ্যামিল্টনে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৯১ রান। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন ঈশান কিষাণ। ৩২ বলের ইনিংসে পাঁচটি করে চার ও ছক্কা মেরেছেন। নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে ৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত ৩-২ ব্যবধানে জিতলেও তাদের কেউ সিরিজসেরা হননি। সিরিজসেরার পুরস্কার উঠেছে ফিলিপসের হাতে। ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে সিরিজে সর্বোচ্চ ৩৪১ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ১১৩.৬৭ ও ১৮৫.৩২।









