
বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে সব ধরনের প্রতিযোগিতা থেকে বোলিংয়ে নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান। আজ রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সাকিব যেহেতু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে সব প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন। ফলে সাকিব বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না।
এই নিষেধাজ্ঞা ইংল্যান্ডের একটি আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পরিচালিত মূল্যায়নের ফলের ভিত্তিতে আরোপ করা হয়েছে। অ্যাকশন শুধরে সাকিবকে আবারও পরীক্ষায় উতরে তবেই বোলিংয়ে ফিরতে পারবেন। তবে এ সময় তিনি শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন। সাকিব এরই মধ্যে চেন্নাইয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে যোগাযোগ করেছেন। যদি ভারতের ভিসা পান, তাহলে চলতি লঙ্কা টি-টেন সুপার লিগ শেষে পরীক্ষা দিতে চেন্নাইয়ে যাবেন। তার আগে ভারতের ভিসা নিতে তিনি শ্রীলঙ্কা থেকে যাবেন আরব আমিরাতে। যদি ভারতের ভিসা না পান তাহলে আবারও পরীক্ষা দিতে যেতে হবে ইংল্যান্ডেই।
ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। ম্যাচটিতে দারুণ বোলিংও করেছিলেন তিনি। কিন্তু তাঁর সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন আম্পায়াররা। সূত্র জানায়, সাকিব শুরুতে চেয়েছিলেন চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে। ওই সময় চেন্নাইয়ের পরীক্ষাগারে সংস্কারকাজ চলায় পরীক্ষা দিতে বেশ অপেক্ষা করতে হবে বলে গিয়েছিলেন ইংল্যান্ডে। এই মাসের শুরুতে বার্মিংহামের লাফবরো বিশ্ববিদ্যালয়ে তাঁর বোলিং পরীক্ষা দেন। যেখানে দেখা গেছে, বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণ সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে, সেটি অতিক্রম করেছেন তিনি। গত ১০ ডিসেম্বর থেকে ইংল্যান্ডে নিষিদ্ধ হয় সাকিবের বোলিং।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের জন্য প্রণীত নিয়মের ১১.৩ ধারা অনুযায়ী যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন তার ঘরোয়া প্রতিযোগিতায় কোনো খেলোয়াড়কে বোলিং থেকে নিষিদ্ধ করে, তবে আইসিসি এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনের ঘরোয়া প্রতিযোগিতাতেও কার্যকর করবে। নিষেধাজ্ঞা আনুষ্ঠানিক নোটিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই কার্যকর হয় এবং এর জন্য অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না।
বিসিবি আরও জানিয়েছে, আইসিসির ১১.৪ ধারার অধীনে সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। যদি এই পরীক্ষার ফলে তাঁর বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হয়, তবে তিনি আন্তর্জাতিক এবং সব ধরনের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় বোলিংয়ে ফিরতে পারবেন।
তবে বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের যেকোনো ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন। সে হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর বাধা নেই।

চাপের মুখে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিছুটা দার্শনিক ঢঙে ভয়ের গুরুত্ব তুলে ধরেন আনচেলত্তি। তিনি বলেন, ‘ভয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি জীবন বাঁচায়। আপনার মনে যদি ভয় না থাকে, তবে সিংহকেও বিড়ালের মতো মনে হতে পারে। ম্যাচ নিয়ে কিছুটা উদ্বেগ থাকা ভালো, এতে দল নিজের সেরাটা উজাড় করে দিতে পারে।’
১ ঘণ্টা আগে
কোচের এই সাহসী সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দেয় মাত্র ১২১ সেকেন্ডের মধ্যে। ৭৮ মিনিটে মাঝমাঠ থেকে ইসমায়েল কোনের চমৎকার এক পাস নিয়ন্ত্রণে নিয়ে বসনিয়ান ডিফেন্ডারকে বোকা বানান লারিন। এরপর ডান পায়ের নিখুঁত ভলিতে বল জড়িয়ে দেন বসনিয়ার জালে।
২ ঘণ্টা আগে
নিজের এবং দলের প্রস্তুতি সম্পর্কে এই তারকা রাইট-ব্যাক আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে, আমি আগামীকালের ম্যাচের প্রস্তুতির দিকেই পুরোপুরি মনোযোগ দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো মরক্কোর সমর্থকদের খুশি করা, ইনশা আল্লাহ।’
৩ ঘণ্টা আগে
সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। এরপর শৈশবের একটি বড় সময় চট্টগ্রামে কাটিয়ে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ডিজে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইলেকট্রনিক মিউজিকের সঙ্গে বাংলা সুরের ফিউশন ঘটিয়ে প্রশংসিত হয়েছেন।
৪ ঘণ্টা আগে