Ajker Patrika

শ্রীলঙ্কা-পাকিস্তানের দিকে তাকিয়ে এখন ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৩
শ্রীলঙ্কা-পাকিস্তানের দিকে তাকিয়ে এখন ভারত
সবশেষ ২০২৪ নারী এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। এবারও সেমিতে মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

জয়টা কেবল ছিল সময়ের অপেক্ষা। দুবাই স্টেডিয়ামে গত রাতে নন্দিনী শর্মার বলে স্কুপ করতে গিয়ে অবশেষে রাবেয়া খান হিট উইকেটে আউট হওয়ার পর উদযাপন শুরু করে ভারতীয় ক্রিকেট দল। একমাত্র দল হিসেবে নারী এশিয়া কাপের দশবারের দশবারই ফাইনালে উঠেছে ভারত। তবে ফাইনালে উঠেই যে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের কাজ শেষ, ব্যাপারটা তা নয়।

ফাইনালে ভারতের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ রাতে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। গতকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে আসেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। শ্রীলঙ্কা-পাকিস্তান সেমিফাইনাল নিয়ে দীপ্তি বলেন, ‘এই ম্যাচের পর আমরা আগামীকাল (আজ) একসঙ্গে বসব এবং আগামীকালের ম্যাচটা (শ্রীলঙ্কা-পাকিস্তান সেমিফাইনাল) দেখব। তাতে করে ফাইনালের জন্য নিজেদের কৌশল ঠিকমতো সাজাতে পারব।’

এবারের এশিয়া কাপে দাপুটে পারফরম্যান্সে ভারত উঠেছে ফাইনালে। গ্রুপ পর্বে তুলনামূলক দুর্বল থাইল্যান্ড ও হংকংকে ৯৪ ও ১৩৭ রানে হারিয়েছে হারমানপ্রীতের দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৬৮ বল হাতে রেখে ৭ উইকেটে জেতে ভারত। সেই ধারাবাহিকতায় বাংলাদেশকে গতকাল প্রথম সেমিফাইনালে উড়িয়ে দেয় ভারত। ব্যাটিং-বোলিং সব বিভাগেই দুর্দান্ত ভারতীয়রা। ১৬৮ ও ১৫৪ রান করে সর্বোচ্চ দুই রানসংগ্রাহক ভারতের শেফালি ভার্মা ও স্মৃতি। ১১ উইকেট নিয়ে দীপ্তি সর্বোচ্চ উইকেটশিকারী।

বোলিংয়ের পাশাপাশি ক্যামিও ইনিংস খেলতেও পারদর্শী দীপ্তি। বাংলাদেশের বিপক্ষে গতকাল ৬ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করে বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৬ রান। শেফালি ৪০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে ম্যাচসেরা হয়েছেন। ৭, ১১ ও ৫৬ রানে তিনবার জীবন পেয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। এদিকে শ্রীলঙ্কাও তিন ম্যাচের তিনটিতে জিতে সেমিফাইনালে উঠেছে। চামারি আতাপাত্তু নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে এক ম্যাচে ৭ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন। ব্যাটিংয়ে যেদিন ঝড় তোলেন, সেদিন তাঁকে থামানো অনেক কঠিন।

ফাইনালে প্রতিপক্ষ যে-ই হোক, দীপ্তি তা নিয়ে ভাবছেন না। দুবাইয়ে গতকাল বাংলাদেশকে প্রথম সেমিফাইনালে ৪০ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে ভারতের অলরাউন্ডার বলেন, ‘আসলে এটা তাদের (শ্রীলঙ্কা-পাকিস্তান) ফলাফলের ওপর নির্ভর করছে। তবে ভারতীয় দল সেটা জানে। দল কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেয় না। শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক— যে-ই ফাইনালে আসুক না কেন, আমরা সব সময় দল হিসেবে কীভাবে আরও ভালো করতে পারি, সেটাই ভাবি। প্রত্যেক ম্যাচে দল হিসেবে কীভাবে আরও ভালো করা যায়, সেটা নিয়েই ভাবছি।’

আগের ৯ নারী এশিয়া কাপের মধ্যে সাতটিতেই জিতেছে ভারত। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লঙ্কানরা সবশেষ ২০২৪ এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেবারও সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। শ্রীলঙ্কাও সেমিতে তখন হারিয়েছিল পাকিস্তানকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত