
খেলার সঙ্গে রাজনীতি না মেশানোর নীতিকথা বারবার বলা হলেও উপমহাদেশের ক্রিকেটে সেটা নিছক আশায় গুঁড়েবালি। ক্রিকেটই এখানে মুখ্য রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি) এর প্রভাবমুক্ত নয়। নাসের হুসেইনের মতে, এ কারণেই বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট নিয়মিত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইসিসিকে যে অনেকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে ডাকেন, জয় শাহ ২০২৪ সালের ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যান হওয়ার পর আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অমিত শাহর ছেলে। জয় শাহ আইসিসির প্রধান হওয়ার পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের কারণে মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমরা দুবাইয়ে খেলতে গিয়েছিলেন। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় সরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক অনুরোধ করলেও আইসিসি তাতে সাড়া দেয়নি।
আইসিসি যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘আজ্ঞাবহ দাস’ হিসেবে কাজ করছে, নাসের হুসেইন যেন সেটাই ফের মনে করিয়ে দিলেন। স্কাই ক্রিকেট পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘ক্ষমতার সঙ্গে দায়িত্বের ব্যাপারও চলে আসে। বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণেই ভারত-পাকিস্তানের মতো ম্যাচ দিন দিন একতরফা হয়ে উঠেছে।’
১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ তারা বয়কট করতে যাচ্ছে। যে ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসির সোনার ডিম পাড়া রাজহাঁস, সেই ম্যাচ নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ঘুম উড়ে গেছে। যে করেই হোক, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে গড়ানোর চেষ্টা করছে আইসিসি। নাসের হুসেইনের প্রশ্ন, যদি উল্টোটা ঘটত, তখন আইসিসি কী অবস্থান নিত? স্কাই ক্রিকেট পডকাস্টে তিনি বলেন, ‘যদি ভারত কোনো টুর্নামেন্টের এক মাস আগে বলত যে, তাদের সরকার চায় না তারা বিশ্বকাপের জন্য এই দেশে খেলুক, তাহলে কি আইসিসি নিজেদের সিদ্ধান্তে অটল থেকে বলতে পারত—‘‘তোমাদের তো নিয়ম জানার কথা। দুর্ভাগ্যবশত তোমাদের এই টুর্নামেন্ট থেকে আমরা বাদ দিচ্ছি?’’
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। ভারত থেকে ম্যাচ সরানোর দাবি না মানায় বিশ্বকাপ খেলতে পারছেন না লিটন দাস-তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানরা। পাকিস্তান সরকার ভারত-ম্যাচ বয়কটের দাবিতে যে অনড়, সেটা গতকাল রাতে স্পষ্ট করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
নাসের হুসেইনের মতে, সবার সমান সুযোগ-সুবিধা পাওয়া উচিত। একই সঙ্গে ভারতকে তিনি কটাক্ষও করেছেন। স্কাই ক্রিকেট পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘‘ধারাবাহিকতা চান সবাই। বাংলাদেশ-ভারত-পাকিস্তানের সঙ্গে একই রকম আচরণ করা উচিত। ভারতীয় ভক্ত-সমর্থকেরা বলতে পারেন—‘আপনারা আরও কাঁদেন, আমাদের টাকা আছে।’’
সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। তবে সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের কিছু শর্তের কথাও আসছে নানা মাধ্যমে। পাকিস্তান চাইছে, হাতে থাকা তিন দিনের মধ্যে বাংলাদেশকে যদি আইসিসি বিশ্বকাপে ফেরায় এবং তাদের চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় খেলতে দেয়, তাহলে মুহূর্তেই বর্তমান জটিলতা কেটে যাবে। যদি এ মুহূর্তে বাংলাদেশকে ফেরানো সম্ভব না হয়, তাহলে আইসিসিকে বাংলাদেশের জনগণের উদ্দেশে ক্ষমা চেয়ে বা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। বিসিবির চাওয়া, আইসিসির দায়িত্বশীল কেউ ঢাকায় এসে এই বিবৃতি দেবে।

ভারত-পাকিস্তান ম্যাচ যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে সোনার ডিমপাড়া রাজহাঁস, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। সম্প্রচারক, দর্শকখাত থেকে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় এই ম্যাচ ঘিরে। তবে এবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারত-ম্যাচ বয়কটের পর একটু বেকায়দায় পড়েছে ক্রিকেটের অভিভাবক
৪২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে বেশ বিপদেই পড়েছে ব্ল্যাক ক্যাপরা। অসুস্থ হয়ে পড়েছেন দলটির দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। দলটির কোচ রব ওয়াল্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ‘ত্রিমুখী যুদ্ধ’ চলছে। বাংলাদেশের নাম আগে থেকেই বিশ্বকাপ থেকে কাটা পড়েছে। পাকিস্তান নাম প্রত্যাহার না করলেও দেশটির সরকার বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির মতে
২ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরের আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে লাহোর কালান্দার্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে