Ajker Patrika

আফগানিস্তান টেস্টে বাড়তি তিন ক্রিকেটার নিচ্ছে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৪
আফগানিস্তান টেস্টে বাড়তি তিন ক্রিকেটার নিচ্ছে বাংলাদেশ
আফগানিস্তান সিরিজের দল দিয়েছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আজ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল দিয়েছে বিসিবি। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকের আলী অনিকের মতো পরিচিতরাই আছেন এই দলে। সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুই পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনের সঙ্গে যাচ্ছেন স্পিনার নাঈম হাসান।

ব্যাটিং লাইনআপে শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞদের সঙ্গে আছেন আরও তিন বাঁহাতি সাদমান ইসলাম, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমরা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ, রানসংগ্রাহক দুটি রেকর্ডই মুশফিকের। ১০৫ টেস্টে তিনি করেছেন ৬৮৭৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক মুমিনুল হকের রান ৫২১৯। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিনি খেলেছেন ৮০ ম্যাচ।

অধিনায়ক শান্ত ও লিটন খেলেছেন ৪৪ ও ৫৬ টেস্ট। সৌম্য সরকারের টেস্টে ২০১৫ সালে অভিষেক হলেও এখন পর্যন্ত তিনি সাদা পোশাকে খেলেছেন ১৬ ম্যাচ। সবশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে। তানজিদ তামিম ও সাদমান খেলেছেন ৩ ও ৩০ টেস্ট। শান্তর ডেপুটি মেহেদী হাসান মিরাজ খেলেছেন ৬০ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ২২৫ উইকেট।

স্পিন ভেলকি দেখানোর পাশাপাশি মিরাজের ব্যাটিংটাও কার্যকরী। স্পিন আক্রমণে তাঁর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২৭২ উইকেট নিয়েছেন তাইজুল। পেস বোলিং আক্রমণে হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরীফুল ইসলাম। নাহিদ রানা ও তাসকিন আহমেদের মতো দুই তারকা পেসারই এখানে অনুপস্থিত। আর জাকের আলী অনিক সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে।

বয়সভিত্তিক দল থেকে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন ইকবাল হোসেন ইমন। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তিনি রিজার্ভ হিসেবে যাচ্ছেন। রিজার্ভ দলে থাকা আরেক পেসার মুশফিক হাসানেরও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সংযুক্ত আরব আমিরাতে ৯ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। এই সিরিজ শেষেই আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও ভেন্যু এখনো নিশ্চিত করা হয়নি।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম

ট্রাভেলিং রিজার্ভ: মুশফিক হাসান, ইকবাল হোসেন ইমন, নাঈম হাসান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত