Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ১২ বছরের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ জুন ২০২৬, ১৭: ০৭
বাংলাদেশের বিপক্ষে ১২ বছরের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া
বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: এএফপি

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত পরশু প্রথম টি-টোয়েন্টিতে হেরে এমনিতেই বেকায়দায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে এখন শেষ দুই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের। একই মাঠে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজে ফেরার ম্যাচে বাংলাদেশের সামনে রানের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া।

ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে মিরপুর থেকে চট্টগ্রামে গেলেও সুবিধা করতে পারছে না বাংলাদেশ। স্বাগতিক বোলারদের বেধড়ক পিটিয়ে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া। চট্টগ্রামে সফরকারীরা করেছে ৫ উইকেটে ১৯৬ রান, যা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে মিরপুরে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসমান পাড়ের দলটির ৩ উইকেটে ১৫৮ রানই ছিল বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ঝোড়ো ব্যাটিং করতে থাকা অজিদের প্রথম ধাক্কা দেন নাসুম আহমেদ। তৃতীয় ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিসকে (১১) এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাসুম।

২.৪ ওভারে ১ উইকেটে ৩০ রান তোলা অস্ট্রেলিয়ার রান তোলার গতি এরপর কিছুটা কমে যায়। প্রথম ম্যাচের বিস্ফোরক ব্যাটার কুপার কনোলিকে (১) ফেরান নাহিদ রানা। আর অজি অধিনায়ক মার্শকে (২০) ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। কনোলি, মার্শ দুজনের উইকেট পতনেই সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচের অবদান রয়েছে। যেখানে কনোলির ক্যাচ সাইফ ধরেছেন প্রথম স্লিপে। আর মার্শের বেলায় মিড উইকেট থেকে উল্টো দিকে দৌড়ে বল তালুবন্দী করেছেন সাইফ।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়া পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) শেষ করেছে ৩ উইকেটে ৪৪ রানে। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন টিম ডেভিড। তিনি আর ম্যাট রেনশ বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন। চতুর্থ উইকেটে ৫০ বলে ৯৭ রানের জুটি গড়েন ডেভিড-রেনশ। ১৫তম ওভারের দ্বিতীয় বলে আব্দুল গাফফার সাকলাইনের অফস্টাম্পের বাইরের বল তুলে মারতে গিয়ে ডেভিড ডিপ পয়েন্টে তানজিদ হাসান তামিমের তালুবন্দী হয়েছেন। ২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৫ রান করেছেন ডেভিড।

ছয় নম্বরে নেমে নিখিল চৌধুরীকে (৮) থিতু হওয়ার আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাসুম। দ্রুত ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ১৬ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান। তবু রেনশ তাঁর তাণ্ডব চালিয়ে গেছেন। চার নম্বরে নেমে ৫২ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থেকেছেন এই বাঁহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ার ১৯৬ রানের মধ্যে রেনশর ৮৯ রানই ইনিংস সর্বোচ্চ। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম ৪ ওভারে ২৭ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সাকলাইন, রানা ও মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত