Ajker Patrika

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ মে ২০২৬, ১৯: ০৮
জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়
প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৩৩ রানের ইনিংস খেলেছেন জাকের আলী। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে আলো ছড়ালেন জাকের আলী অনিক। সেঞ্চুরি তুলে নিয়েছেন আবাহনী লিমিটেডের এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো সেঞ্চুরি না করলেও এদিন ঝোড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাওহীদ হৃদয়।

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১০৬ রানে হারিয়েছে আবাহনী। জাকেরের ১৩৩ রানে (১০৩ বলে ১০ চার এবং ৯ ছক্কা) ভর করে ৩৪১ রান করেছিল ধানমন্ডির ক্লাবটি। জবাবে ২৩৫ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানের জয় ৯ উইকেটে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ১১.৩ ওভারেই অগ্রণী ব্যাংকের করা ১৩৩ রান টপকে যায় মতিঝিলপাড়ার ক্লাবটি। ২৪ বলে ১০ চার, ৪ ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন হৃদয়।

গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স জিতেছে ৩৬ রানে। ক্রিকেটার্স একাডেমিতে ২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৩ রানে থেমেছে গুলশান। দিনের বাকি তিনটা ম্যাচই হয়েছে বেশ জমজমাট। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে ২৩১ রানের পুঁজি নিয়েও লড়াই করেছে সিটি ক্লাব। ১ বল এবং ১ উইকেট হাতে রেখে জিতেছে বসুন্ধরা।

শেষ বলে এসে ব্রাদার্স ইউনিয়নকে ১ রানে হারিয়েছে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে দলটির করা ২৩৮ রানের জবাবে ২৩৭ রানে থামে ব্রাদার্স। বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা লেপার্ডসের বিপক্ষে ২ রানের জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লেপার্ডসের ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত