Ajker Patrika

শিরোপার চেয়ে ফাইনাল খেলাই বড় স্পেন কোচের কাছে

ক্রীড়া ডেস্ক    
শিরোপার চেয়ে ফাইনাল খেলাই বড় স্পেন কোচের কাছে
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে দাঁড়ানোর অপেক্ষায় ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা জেতার স্বপ্ন নিয়েই মাঠে নামে প্রতিটি দল। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে ফাইনালে পৌঁছানোর অর্জনটিও কম গুরুত্বপূর্ণ নয়। তাঁর মতে, বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়াই একটি দলের সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণ।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শিরোপার লড়াইয়ে আগামীকাল দিবাগত রাতে নিউজার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। ফাইনালের মঞ্চে নামার আগে লা ফুয়েন্তে জানালেন, বিশ্বকাপের ফাইনালে নিয়মিত জায়গা করে নেওয়ার সুযোগ পেলে হারও মেনে নিতে রাজি তিনি।

সংবাদ সম্মেলনে লা ফুয়েন্তে বলেন, ‘প্রতি বছর যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে হারতেও হয়, তবুও আমি সেটি মেনে নেব। গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাইনালে পৌঁছানো এবং জয়ের অবস্থানে থাকা।’

ফাইনালের মঞ্চে নামার পর স্পেন যে শিরোপার লড়াই করবে, সেটাও স্মরণ করিয়ে দিলেন লা ফুয়েন্তে, ‘ফাইনালে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। আর জয়ের জন্য লড়াই করাটাই সবচেয়ে জরুরি। আমরা নিজেদের শক্তি দিয়ে লড়াই করব, প্রতিপক্ষের শক্তি কমিয়ে আনার চেষ্টা করব। তারা দুর্দান্ত একটি দল এবং অসাধারণ ফর্মে আছে। আমরা মুহূর্তটাকে উপভোগ করব এবং নিজেদের ওপর মনোযোগ রেখে জয়ের সুযোগ তৈরি করব।’

দে লা ফুয়েন্তের মতে, বিশ্বকাপের ফাইনাল দুই দলের সেরাটা দেখানোর মঞ্চ। তাই ম্যাচটি যেন ফুটবলের সৌন্দর্য ধরে রেখেই শেষ হয়, সেটাই তাঁর প্রত্যাশা, ‘এটি দুর্দান্ত একটি ফুটবল প্রদর্শনী হতে যাচ্ছে। দুটি অসাধারণ দল মুখোমুখি হবে। খেলোয়াড়দের প্রতিভার দিক থেকে দুই দলের মধ্যে অনেক মিল রয়েছে। শুরু থেকেই দুই দলই নিজেদের দক্ষতা ও সৃজনশীল ফুটবলের মাধ্যমে আধিপত্য বিস্তার করতে চাইবে। আশা করি, রেফারি ম্যাচের ছোট ছোট বিষয়গুলো ঠিকভাবে সামলাবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদা বজায় থাকে।’

ফাইনালের আগে লিওনেল স্কালোনির দলের প্রতি সম্মান দেখালেও ভুলেননি লা ফুয়েন্তে, ‘আমি সবার মতামতকে সম্মান করি। দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, বিশ্বকাপের ফাইনালিস্ট এবং আমার এক বন্ধুর (স্কালোনি) কোচিংয়ে থাকা একটি দলের প্রতি আমার অসাধারণ শ্রদ্ধা রয়েছে। তাদের প্রতি আমার শুধু প্রশংসা ও সম্মান আছে। আমরা প্রত্যেকে নিজেদের ফুটবল দিয়েই লড়াই করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত