Ajker Patrika

ইউরোপের অপ্রতিরোধ্য স্পেনকে কীভাবে থামাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ৪৬
ইউরোপের অপ্রতিরোধ্য স্পেনকে কীভাবে থামাল ইংল্যান্ড
ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছে স্পেন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ম্যাচে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এই বিশ্ব রেকর্ডটি আর দীর্ঘ করতে পারেনি স্প্যানিশরা।

ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে সেই যাত্রায় ছেদ পড়ল স্পেনের। তাদের অপরাজিত থাকার দীর্ঘ এই ধারা বন্ধ করতে পারবে বলে আত্মবিশ্বাসী ছিল ইংল্যান্ড।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ৪৫ থেকে ৫৭, এই ১২ মিনিটের ব্যবধানে ইংল্যান্ডের কাছে তিন গোল হজম করে স্পেন। মিকেল ওইয়ারসাবাল ও নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর হার ঠেকাতে পারেনি স্প্যানিশরা।

স্পেনের দীর্ঘ অপরাজিত থাকার ধারার অবসান ঘটাতে পারবে এ ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মিডফিল্ডার ডেকলান রাইস।

আইটিভিকে তিনি বলেন, ‘আমরা জানতাম, আজ রাতে আমরা তাদের হারাতে যাচ্ছি। ক্রোয়েশিয়া ম্যাচের পর কোচের বার্তা ছিল অত্যন্ত ইতিবাচক। দলের খেলোয়াড়দের বার্তাও ছিল ইতিবাচক। সবাই একসঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আমরা জানতাম, এখানে এসে শুধু রক্ষণাত্মক খেলব না কিংবা প্রতি-আক্রমণের সুযোগ খুঁজে বসে থাকব না।’

লাল কার্ড প্রসঙ্গে রাইস বলেন, ‘প্রথম ১০ মিনিট সম্ভবত ১০ মিনিটের কোনো সময়সীমায় আমাদের খেলা সেরা পারফরম্যান্স ছিল। চাপ, চাপ আর চাপ আমরা দুই বা তিনটি গোলও করতে পারতাম। লাল কার্ড ম্যাচের গতিপথ বদলে দিয়েছে, কারণ আমরা আরও কয়েকটি গোল করতে পারতাম।’

রাইস আরও যোগ করেন, ‘আমরা যদি ১০ জনের দলে পরিণত না হতাম, তাহলে আমার মনে হয় আমরা বলের দখল আরও বেশি রাখতে পারতাম, আরও বেশি জায়গা পেতাম এবং আমাদের আক্রমণভাগের খেলোয়াড়রা নিজেদের সেরাটা মেলে ধরতে পারত। সব মিলিয়ে, ৩০ মিনিট ১০ জন নিয়ে খেলে ৪৩ ম্যাচ অপরাজিত থাকা এমন একটি দলের বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া বিশাল ব্যাপার।’

ইংল্যান্ডের কোচ থমাস টুখেল তাঁর খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও সামর্থ্যের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘অসাধারণ পারফরম্যান্স এবং সম্পূর্ণ প্রাপ্য একটি জয়। আমরাই ভালো দল ছিলাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছি। লাল কার্ড ও পেনাল্টির সিদ্ধান্ত সব সময়ই গুরুত্বপূর্ণ। আমাকে বুঝতে হয়েছে, কেন এটিকে দ্বিগুণ শাস্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে হারের প্রতিক্রিয়ায় স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘এই ম্যাচ থেকে আমি শুধু ইতিবাচক দিকগুলোই নিচ্ছি। আমরা যে পর্যায়ে পৌঁছেছি, সেখানে যাওয়া কতটা কঠিন, এই ম্যাচ সেটাই মনে করিয়ে দিয়েছে। আমরা যেমন জিততে জানি, তেমনি হারতেও জানি। এটা সত্যি যে প্রথম ৩০ মিনিটে আমরা পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছিলাম। তবে শেষ দিকে ঘুরে দাঁড়াতে পারব, এমন বিশ্বাস আমার ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত