Ajker Patrika

ইমরান খান ইস্যুতে প্রধানমন্ত্রীকে ২১ অধিনায়কের চিঠি, কী সেই তিন দফা

ক্রীড়া ডেস্ক    
ইমরান খান ইস্যুতে প্রধানমন্ত্রীকে ২১ অধিনায়কের চিঠি, কী সেই তিন দফা
সুনীল গাভাস্কারসহ সাবেক ২১ অধিনায়ক ইমরান খান ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ছবি: সংগৃহীত

সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার জন্য তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।

২১ সাবেক অধিনায়কের স্বাক্ষরিত চিঠিতে ইমরানের সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে তিনটি দাবি জানানো হয়েছে। স্বাক্ষরকারীর মধ্যে রয়েছেন গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বোর্ডার, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, স্টিভ ওয়াহ এবং জন রাইটসহ আরও অনেকেই আছেন। সেই তিন দাবি হলো:

  • সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে—যেখানে ইমরান খানের নিজস্ব চিকিৎসকরাও থাকবেন। তাঁর স্বাস্থ্যের পূর্ণাঙ্গ ও স্বাধীন মূল্যায়ন সম্পন্ন করার অনুমতি দিতে হবে। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে খবর পাওয়া গেছে, তা গুরুত্বের সঙ্গে পরীক্ষা করতে হবে।
  • আদালতের পুনর্বহাল করা সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ যেন কোনো বাধা বা প্রশাসনিক বিলম্ব ছাড়াই নিয়মিত হয়, সেটা নিশ্চিত করতে হবে।
  • মেডিকেল পরীক্ষার ফলাফল যা-ই হোক না কেন, চিকিৎসা বোর্ড যে চিকিৎসার সুপারিশ করবে, তা যেন কোনো বিলম্ব ছাড়াই প্রদান করা হয়।

ইমরান খান ইস্যুতে সম্প্রতি যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশনার যথাযথ বাস্তবায়ন থেকে এখনো অনেক দূরে বলে ২১ অধিনায়ক স্বাক্ষরিত চিঠিতে দাবি করা হয়েছে। চিঠির ভাষ্য অনুযায়ী, ‘পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করে এমন একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করাতে হবে, যেখানে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং তাঁর বোন চিকিৎসক উজমা খানও থাকবেন। আদালত সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের ব্যবস্থাও পুনর্বহাল করেছিল। এসব পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছিল। কিন্তু উদ্বেগের বিষয় হলো হাসপাতালে তাঁর অবস্থান মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী হয়। আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ডের পরিবর্তে রাষ্ট্রের নিয়োগ করা একটি দল তাঁকে পরীক্ষা করে সুস্থ ঘোষণা করে। সেই বোর্ড কাজ শেষ করার আগেই তাঁকে ফিরিয়ে নেওয়া হয় আদিয়ালা কারাগারে।’

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এর মধ্যে দুর্নীতির অভিযোগে তিনি ১০, ১৪ ও ১৭ বছরের কারাদণ্ড পেয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনের আগে তাকে তাঁর বর্তমান স্ত্রীর সঙ্গে বিয়ের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের পর নির্ধারিত অপেক্ষার সময় না মানার অভিযোগে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এর আগেও এ বছরের শুরুতে ১৪ সাবেক অধিনায়ক শেহবাজ শরিফের কাছে একটি খোলাচিঠি লিখেছিলেন। তাঁরা ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়কের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সঠিক চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই অধিনায়কের মধ্যে ছিলেন গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, কপিল দেবের মতো কিংবদন্তিরা। তাঁরা এবারও আছেন। এবার প্রধানমন্ত্রীকে শেহবাজ শরীফকে চিঠি লিখেছেন ২১ সাবেক অধিনায়ক।

২১ অধিনায়কের নাম
মাইকেল অ্যাথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালাস্টেয়ার কুক, মাইকেল গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ, জন রাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত