
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন রিজওয়ানকে নিয়ে।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৭২তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বল যখন তাইজুল করতে যাবেন, তখন রিজওয়ান থেমে গেলেন। ইশারায় রিজওয়ান বোঝাতে চাইলেন সাইটস্ক্রিনে কিছু একটা হওয়ার কারণে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। উইকেটরক্ষক লিটন দাস বেজায় বিরক্ত। রিজওয়ানকে জিজ্ঞেস করলেন, ‘বারবার খেলা থামাচ্ছ কেন?প্রায়ই তুমি করো এটা।’ রিজওয়ান বলেন, ‘এটা কি তোমার কাজ?’
পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে মাঠের আম্পায়ার আলাউদ্দিন পালেকার এসে থামিয়েছেন। তবে ৭২তম ওভারের শেষ বল করার আগে তাইজুলকে ফের থামিয়েছেন রিজওয়ান। উইকেটের পেছন থেকে লিটন বলেছেন, ‘অভিনয় ভালো হয়েছে।’ শুধু লিটন-রিজওয়ান নয়, ঘটনায় জড়িয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। রিজওয়ানকে খোঁচা দিয়ে শান্ত বলেন, ‘অতিরিক্ত অভিনয় করায় ৫০ পয়সা কাটা।’
লিটনের সঙ্গে রিজওয়ানের তর্কযুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং কোচ শন টেইটকেও জিজ্ঞেস করা হয়েছে এই প্রশ্ন। টেইট পুরো ঘটনা না জানলেও যা হয়েছে, তা খুবই উপভোগ করেছেন। উত্তরে পেস বোলিং কোচ বলেন, ‘আমি জানি না সেখানে কী কথা হয়েছে। তবে আমার এটা বেশ ভালো লেগেছে। আমি একজন অস্ট্রেলিয়ান হিসেবে উপভোগ করেছি। আমার মনে হয় খেলায় কিছুটা আগ্রাসন থাকা উচিত। সব সময় নয়। আমরা সবাই জানি যে সীমা অতিক্রম করা উচিত নয়। তবে আপনার মধ্যে কিছুটা আগ্রাসন থাকতেই হবে।’
দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে ৭ উইকেটে ৩১৬ রানে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। আগামীকাল শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট আর পাকিস্তানের প্রয়োজন ১২১ রান। ৩ উইকেট হাতে নিয়ে ১২১ রান তেমন একটা কঠিনও নয় পাকিস্তানের জন্য। সিলেট টেস্টের উইকেট এখনো ব্যাটারদের জন্য বধ্যভূমি হয়ে ওঠেনি। বাংলাদেশের গলার কাঁটা হয়ে রিজওয়ান ৭৫ রানে ব্যাটিং করছেন। তাঁর সঙ্গে আছেন সাজিদ খান (৮)। সাজিদের প্রথম শ্রেণির ক্রিকেটে যেহেতু সেঞ্চুরি আছে এবং সিলেটে প্রথম ইনিংসে ২৮ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলেছেন, বাংলাদেশের কিছুটা দুশ্চিন্তা থাকারই কথা। কাল শেষ দিনে প্রথম সেশনের সুবিধা কাজে লাগিয়ে সফরকারীদের দ্রুত গুটিয়ে দেওয়াটাই শ্রেয় হবে বাংলাদেশের জন্য।

শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেভাগেই। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটার, ভক্ত-সমর্থকদের সবাই তখন অপেক্ষা করছিলেন, ম্যাচটা কখন শেষ হবে। দীপ্তি শর্মা ইনিংসের শেষ বলে লঙ্কান ব্যাটার কৌশিনি নুথিয়াঙ্গাকে বোল্ড করে সারলেন আনুষ্ঠানিকতা। ভারত অষ্টমবারের মতো জিতল নারী এশিয়া কাপ।
১ ঘণ্টা আগে
ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
রাকিবুল হাসান চার মারতেই উদযাপন শুরু বাংলাদেশের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রাকিবুলের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সুদূর পচেফস্ট্রুম থেকে সেই রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ছয় বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের কথা বলা হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পেরেছে
৪ ঘণ্টা আগে
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
৫ ঘণ্টা আগে