
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পথচলা থেমে যায় সুপার এইটেই। তবে সতীর্থদের ব্যর্থতার সেই টুর্নামেন্টে রানের ফোয়ারা ছুটিয়েছেন সাহিবজাদা ফারহান। ভেঙে দিয়েছেন বিরাট কোহলির এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। সেই ফারহানই হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি আজ ফেব্রুয়ারি মাসের ছেলেদের ও মেয়েদের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। ফারহান গত মাসের ছেলেদের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৩৮৩ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ছিল ৭৬.৬ ও ১৬০.২৫। তাতে ১২ বছর পর কোহলির সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফারহান নিজের করে নিয়েছেন। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১৯ রান করে এক আসরে সবচেয়ে বেশি রানের কীর্তি গড়েছিলেন কোহলি।
ফারহান এবারই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন। আর পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত নবমবারের মতো এই পুরস্কার পাওয়ার কীর্তি রয়েছে। শুধু বাবর আজমই তিনবার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। আসিফ আলী, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, নোমান আলী, হারিস রউফ, ফারহান পেয়েছেন একবার করে। যাঁদের মধ্যে ফারহানের আগে সবশেষ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পান রউফ। আইসিসির ২০২৬ সালের ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে ফারহান বলেন, ‘আইসিসির এই পুরস্কার জয়ের অনুভূমি আসলে অন্য রকম। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্স করে এই পুরস্কার পেয়েছি। কোটি কোটি ক্রিকেটপ্রেমী নজর রাখেন এই টুর্নামেন্টে। তাতে এই পুরস্কারের মূল্য আরও অর্থবহ হয়ে ওঠে।’
২৮ ফেব্রুয়ারি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ৬৫ রানে জিততে হতো। ফখর জামানের সঙ্গে ফারহানের ১৭৬ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটির পর স্কোরবোর্ডে আরও স্কোরের প্রত্যাশা করেছিলেন পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ৩৬ রানে ৮ উইকেট হারিয়ে ২১২ রান জমা করতে পেরেছিল পাকিস্তান। সুপার এইটের সেই ম্যাচে লঙ্কানদের ৫ রানে জিতেও তাই সেমিতে উঠতে পারেননি ফারহান-ফখররা।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যে নজরকাড়া ব্যাটিং করেছিলেন, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান ফারহান। আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কারজয়ী এই ক্রিকেটার বলেন, ‘এটি সত্যিই এমন একটি টুর্নামেন্ট যা আমি সব সময় মনে রাখব। সামনের সিরিজ ও টুর্নামেন্টগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। সতীর্থদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের নিরন্তর সমর্থন ও বিশ্বাস ছাড়া এটি সম্ভব হতো না।’
যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শালকিক ও ইংল্যান্ডের উইল জ্যাকসকে টপকে আইসিসির ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার হয়েছেন ফারহান। শালকিক ৬.৮০ ইকোনমিতে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে দুই ভারতীয় জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী। আর উইল জ্যাকস অলরাউন্ড নৈপুন্যে চারবার ম্যাচসেরা হয়েছেন। ৯.৭৫ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। ব্যাটিংয়ে ৫৬.৫০ গড় ও ১৭৬.৫৬ স্ট্রাইকরেটে করেন ২২৬ রান।
ফারহান তো কোহলির রেকর্ড ভেঙেছেনই। রানবন্যার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে ছাড়িয়ে গেছেন টিম সাইফার্ট ও সঞ্জু স্যামসনও। ৩২৬ ও ৩২১ রান করেন সাইফার্ট ও স্যামসন। যাঁদের মধ্যে স্যামসন বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আর আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার ভারতের অরুন্ধতী রেড্ডি। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের ফাতিমা সানা ও শ্রীলঙ্কার হারশিতা সামারাবিক্রমা।

আইপিএলের সময় লন্ডনে নিয়মিত আসা-যাওয়া করতে বিশেষ ফ্লাইট চেয়েছেন বিরাট কোহলি—সামাজিক মাধ্যমে এমন খবর ভাইরাল। কিন্তু এটা যে স্রেফ গুঞ্জন, তা পরিষ্কার করলেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি।
১ ঘণ্টা আগে
আলোচনাটা অনেক দিন ধরেই ছিল। শেষ পর্যন্ত হলোও তা-ই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হয়েছেন হাবিবুল বাশার সুমন। কমিটিতে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরীর মতো ঘরোয়া ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগে
ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হবেন জিনেদিন জিদান—গত কয়েক বছরে এই কথা শোনা গেছে বেশ কয়েকবার। অবশেষে সেটাই সত্যি হচ্ছে। ফরাসিদের দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন জিদান। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান।
৩ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট আকর্ষণীয় করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশাল পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভেন্যুর সংখ্যা তো কমে গেছেই। এবার বিদেশি ক্রিকেটারদের খেলা শঙ্কার মধ্যে পড়ে গেছে।
৩ ঘণ্টা আগে