
ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হবেন জিনেদিন জিদান—গত কয়েক বছরে এই কথা শোনা গেছে বেশ কয়েকবার। অবশেষে সেটাই সত্যি হচ্ছে। ফরাসিদের দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন জিদান। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, জিদান যুগ শুরু হলে তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা পাওয়া যায় কি না—তা খতিয়ে দেখতে ইতোমধ্যে স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ২০১২ সালে ফ্রান্সের প্রধান কোচের পদে বসেন দিদিয়ের দেশম। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ নেশনস লিগ জিতেছে ইউরোপের শীর্ষ দলটি। দেশমের সঙ্গে এফএফএফের চুক্তি আছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এরপর আর ফ্রান্সের ডাগআউটে বসবেন না, স্পষ্টভাবেই তা জানিয়েছেন দেশম। বিশ্বকাপের পরই নতুন কোচ নিয়োগের পরিকল্পনা করছে ফেডারেশন।
দেশমের বিকল্প হিসেবে সংক্ষিপ্ত তালিকায় বেশ কয়েকজনকে রেখেছে এফএফএফ। তবে বাকিদের চেয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফুটবলার জিদান এগিয়ে আছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে। যদিও এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
জিদানের সম্ভাব্য আগমনকে একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে দেখছে ফ্রান্স। সাবেক ফুটবলার যোগ দিলে দলের ব্র্যান্ড ভ্যালু ও ইমেজ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বছরে প্রায় ৩০ লাখ ইউরো (বোনাস ছাড়া) পারিশ্রমিক পান দেশম। প্রতিবেদনে বলা হয়েছে, জিদানের জন্য এর চেয়ে বেশি অর্থ বরাদ্দের চিন্তা করছে এফএফএফ।
কোচ হিসেবে জিদানের সাফল্যের পাল্লা বেশ ভারী। দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের ডাগআউটে বসেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তাঁর অধীনে তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতে মাদ্রিদের ক্লাবটি। এ ছাড়া লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে রিয়াল। ২০২১ সালে স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব ছাড়েন জিদান।
এবারের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হয়। যেখানে ‘আই’ গ্রুপে পড়েছে ফ্রান্স। এই গ্রুপে দুইবারের চ্যাম্পিয়নদের সঙ্গী সেনেগাল, নরওয়ে এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে উঠে আসা একটি দল।

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
১ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে