Ajker Patrika

ঘরের মাঠে বায়ার্নের ১৩ বছরের রাজত্ব

ক্রীড়া ডেস্ক    
ঘরের মাঠে বায়ার্নের ১৩ বছরের রাজত্ব
গোল উৎসবে মেতেছিল বাভারিয়ানরা। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের দাপট যেন থামছেই না। নরওয়ের বদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার লিগ পর্বে নিজেদের মাঠে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করেছে বাভারিয়ানরা।

বৃহস্পতিবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি বায়ার্ন। দ্বিতীয়ার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকেরা। ৪৭তম মিনিটে জামাল মুসিয়ালার গোলে এগিয়ে যাওয়ার পর ৬১তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন।

৭৭তম মিনিটে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে তৃতীয় গোলটি করেন আলফনসো ডেভিস। বাকি সময়ে বায়ার্ন সমর্থকেরা দেখেছে মাইকেল ওলিসের ব্যক্তিগত নৈপুণ্য। ৮৩তম মিনিটে নিজের প্রথম গোলের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও জালে বল পাঠিয়ে বায়ার্নের বড় জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে ঘরের মাঠে ৩৯ ম্যাচ অপরাজিত থাকল বায়ার্ন। এর আগে সবশেষ ২০১৩ সালের ডিসেম্বরে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ৩-২ গোলে হেরেছিল জার্মান জায়ান্টরা। সেই হারের পর থেকেই শুরু হয়েছে তাদের এই দুর্দান্ত যাত্রা। ৩৯ ম্যাচে ৩৭ জয়ের বিপরীতে দুটিতে পয়েন্ট ভাগ করেছে বায়ার্ন।

পরিসংখ্যানভিত্তিক নেটওয়ার্ক স্কোয়াকার তথ্য অনুযায়ী, ১৩ বছর ধরে চলা এই অসাধারণ ধারায় আরও একটি জয়ের দেখা পেল বায়ার্ন। সেই সঙ্গে আলিয়াঞ্জ অ্যারেনা চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের জন্য যে কতটা শক্ত ঘাঁটি, সেটির আরেকটি প্রমাণ বদো/গ্লিমটের বিপক্ষে ৫-০ গোলের জয়।

চ্যাম্পিয়নস লিগে এমন দাপুটে শুরুর পর লিগ পর্বের প্রথম রাউন্ড শেষে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে ভিনসেন্ট কম্পানির বায়ার্ন। তাদের ওপরে আছে টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত