
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা ও সন্ত্রাসনির্ভর রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, সাম্প্রদায়িকতা ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও সহিংসতা ও সন্ত্রাসনির্ভর রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে, যা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ ঢাকার আলিয়া মাদ্রাসায় সংঘটিত সংঘর্ষে শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এসব ঘটনায় বহু শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি শিক্ষাঙ্গনে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের পরিবর্তে সংঘর্ষে লিপ্ত বিভিন্ন সংগঠন দখলদারিত্ব ও অর্থের ভাগাভাগির রাজনীতিতে জড়িয়ে পড়ছে। স্বাধীনতা ও মুক্তচিন্তার চর্চার বিপরীতে শিক্ষার্থীদের স্বাধীনতা সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে। তাঁরা আরও বলেন, আজ কোনো শক্তি যদি অতীতের মতো সন্ত্রাসী রাজনৈতিক সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে, তবে শিক্ষার্থী সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না।
বিবৃতিতে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, সাম্প্রদায়িকতা ও ভয়ভীতিনির্ভর রাজনীতি প্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষাঙ্গন হবে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মুক্তচিন্তা ও বৈজ্ঞানিক মননের চর্চার ক্ষেত্র; এটি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও পেশিশক্তির রাজনীতির জায়গা হতে পারে না।
সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদ্রাসার সাম্প্রতিক ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাঙ্গনে সব শিক্ষার্থীর নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং সচেতন নাগরিকদের শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, সাম্প্রদায়িকতা ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ছাত্র ইউনিয়নের নেতারা।
ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, কোনো সন্ত্রাসী রাজনৈতিক শক্তি বা স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে দেওয়া হবে না। ক্যাম্পাস হবে মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের জায়গা।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনকে এখনো রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। সংগঠনটির দাবি, ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাগুলো প্রমাণ করে,
৩৩ মিনিট আগে
‘আমরা এখনো ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করে এখানে এসেছি। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। এ দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন ভাষায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।’
৩৫ মিনিট আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান দলটির
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি মহলের কারণে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণ হয়নি। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার এক বাণীতে তিনি এ অভিযোগ করেছেন।
২ ঘণ্টা আগে