
জুলাই গণ-অভ্যুত্থানে সামরিক মানের ৭ দশমিক ৬২ এমএম বুলেট ব্যবহার নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকেরা ধোঁয়াশা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারই পুলিশের হাতে এই ধরনের অস্ত্র তুলে দিয়েছিল। পুলিশের জন্য এমন অস্ত্র কেনার সময় থেকেই তিনি এর সমালোচনায় মুখর ছিলেন।’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে থাকা সাবেক সেনা কর্মকর্তা এই বুলেট নিয়ে প্রশ্ন উত্থাপন করায় নিজে অবাক হওয়ার কথাও জানান ডা. জাহেদ। আজ মঙ্গলবার পিআইডি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের নানা কার্যক্রম নিয়ে কথা বলার সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। আবার যুদ্ধাস্ত্রে ব্যবহৃত ৭ দশমিক ৬২ এমএম বোরের গুলি ছোড়ার প্রমাণের কথাও আলোচনায় রয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার ৬ মাস পার হয়ে গেলেও এসব নিয়ে কোনো তদন্ত করছে না কেন?
এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ৭ দশমিক ৬২ বুলেট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা প্রসঙ্গটি সামনে আনলেন।
এ রকম গুলি দেখে তিনি অবাক হয়েছেন শুনে নিজেই অবাক হওয়ার কথা জানান সরকারের এই মুখপাত্র। তিনি বলেন, ‘এই গুলি নিয়ে আওয়ামী লীগ থেকে প্রচার আছে যে, হাসিনাকে বিপদে ফেলার জন্য স্নাইপার দিয়ে সাধারণ মানুষের ওপর এমন গুলি করা হয়েছে। এ রকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। অথচ পুলিশের হাতে যেই চাইনিজ রাইফেল আছে সেটাও এই ধরনের বুলেট বহন করে। একজন সাবেক সেনা কর্মকর্তা হয়ে সাবেক উপদেষ্টা এ নিয়ে কীভাবে প্রশ্ন তুললেন আমার বোধগম্য নয়।’
যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মারণাস্ত্র আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, ‘পাঁচ বছর আগে পুলিশের হাতে টাইপ ৫৬ রাইফেল তুলে দেওয়া হয়েছিল। এটি চাইনিজ রাইফেল নামেও পরিচিত, এটি মিলিটারি গ্রেডের রাইফেল। এই রাইফেলের বুলেটও ৭ দশমিক ৬২ এমএম সাইজের। এই ধরনের অস্ত্র পুলিশের হাতে যাওয়ার কথা ছিল না। কারণ, এই গুলি ৪০০ থেকে ৫০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে। এটি একটি মারণাস্ত্র। গুলি যখন মিস হয় সেটা বহু দূরে মানুষকে হত্যা করতে পারে।’
তখন থেকেই এই অস্ত্র নিয়ে লেখালেখি করার কথা জানান উপদেষ্টা।

‘সবার আগে বাংলাদেশ’ নয়, বরং ‘সবার আগে বিএনপি’—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল? গত ১৭ বছর কোথায় ছিল? এসব তো প্রশ্নের বিষয়।’
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
চুক্তি বা ‘কন্ট্যাক্ট’ করে ওয়াজ মাহফিলে যাওয়া বন্ধ করার জন্য বক্তা ও আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
৮ ঘণ্টা আগে