
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’-পরবর্তী কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সমাবেশস্থলের মঞ্চে ওঠেন এনসিপির নেতারা। এ সময় বিদ্যুৎ চলে যায়। এর মধ্যে দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্য নেতারা বক্তব্য দেন। ১৫ থেকে ২০ মিনিট পর বিদ্যুৎ-সংযোগ স্বাভাবিক হয়। এ সময় মঞ্চে দলের সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাত সাড়ে ৯টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেওয়া শুরু করেন। এর কিছুক্ষণ পরই সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সমাবেশস্থলে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় আহত হয়েছেন শাহীন খান্দকার (৩০), জসিম (২৬) ও শাহাদাত হোসেন (৪০)। তাঁদের মধ্যে শাহীন এনাম মেডিকেল কলেজের কর্মী, জসিম একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শাহাদাত হোসেন সাভারের মুক্তির মোড় এলাকার বাসিন্দা। তাঁরা সবাই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে বলেন, এটি পূর্বপরিকল্পিতভাবে তাঁদের হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে। তবে এ ধরনের হামলায় তাঁরা ভীত নন এবং জুলাই পদযাত্রা কর্মসূচি অব্যাহত থাকবে।
ঘটনার কিছুক্ষণ পর নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাভার থানার সামনে যান। এ সময় থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেন থানার ভেতরে প্রবেশ করেন। তাঁরা পুলিশি পাহারায় সেখান থেকে বেরিয়ে আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালের দিকে যান।
এদিকে রাত ১১টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, হামলার ঘটনায় এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সোমবার রাত পৌনে ১২টার দিকে সাভারে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি বলেছেন, সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রকাশের পর বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং সরকারের প্রতি জন-আস্থা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট...
১৫ ঘণ্টা আগে
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ চার দফা দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত তিন দিনব্যাপী প্রচারযাত্রা আগামীকাল সোমবার (২৪ আগস্ট) শুরু হচ্ছে। ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে গণতান্ত্রিক অধিকার কমিটি এ কর্মসূচির আয়োজন করেছে...
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পরিবারের স্বচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব...
১৮ ঘণ্টা আগে