
রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহত ব্যক্তিদের সবার মুখই ‘বীভৎস’ ছিল। তাদের মুখের কাছে তরল পদার্থও পাওয়া গেছে। তরল পদার্থটি কোনো রাসায়নিক কি না, তা এখনো নিশ্চিত নয় পুলিশ। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়ে স্পষ্ট হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ রোববার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান রংপুর সিআইডির পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী।
সুমিত চৌধুরী বলেন, ‘নিহতদের মুখ প্রাথমিক অবস্থায় বীভৎস ছিল। মুখের কাছে কিছু তরল পড়ে ছিল। তাতে আমরা প্রাথমিকভাবে অনুমান করেছিলাম, কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছে কি না। যে চিকিৎসক ফরেনসিক করবেন, তাঁকে আমরা বলেছি। তাদের শরীরে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছে কি না, ফরেনসিক প্রতিবেদন পেলে এটা নিশ্চিত হতে পারব।’
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬০), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী আগামী (২৬) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
আজ রোববার এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে করা মামলায় আসামির সংখ্যাও উল্লেখ করা হয়নি।
এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গণপতির স্ত্রী প্রীতিলতার মোবাইল ফোন থেকে তাঁর ছোট বোন পূজা চক্রবর্তীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। এরপর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে।
পরদিন শুক্রবার রাত ২টা ৪০ মিনিট থেকে গতকাল রাত ৮টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময় হত্যাকাণ্ডটি ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গতকাল রাত ৮টা ৪৫ মিনিটে পূজা আবারও বড় বোন প্রীতিলতাকে ফোন করেন। তখন পরিবারের চারজনের মোবাইল ফোনই বন্ধ পান তিনি। সন্দেহ হওয়ায় রাতে স্বামী বিপুল আচার্যকে নিয়ে বোনের বাড়িতে যান পূজা।
বাড়িটি তখন অন্ধকার। ভেতর থেকেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীর বাড়ির ওপর দিয়ে গণপতির বাড়ির ছাদে ওঠেন পূজা। জানালার তালা ভেঙে টর্চের আলোয় ঘরের ভেতর তাকিয়ে তিনি দেখেন, জিনিসপত্র এলোমেলো। একই সঙ্গে বাড়ির ভেতর থেকে পচা গন্ধ বের হচ্ছিল।
এজাহারে বলা হয়েছে, আলমারি, শোকেস, আসবাব, কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এতে হত্যার পর ঘটনাটিকে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তাঁরা হলেন মাছুয়াপাড়া গ্রামের মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯)। মুগ্ধ নগরের সিটি বাজারে মাছের দোকানে কাজ করেন আর সিদ্ধার্থ প্রায় আট বছর ধরে একটি জুয়েলারির দোকানে সোনার কারিগর হিসেবে কাজ করছেন।
এদিকে আজ দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলনে দাবি করেন, গত বৃহস্পতিবার রাতে পাশের একটি ভবনের ওপর দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ওঠেন মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে তাঁরা ইয়াবা সেবন করছিলেন। শব্দ শুনে গণপতি ছাদে গিয়ে তাঁদের বাধা দেন। তখন তাঁকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।
পুলিশ কমিশনারের ভাষ্য, গণপতির চিৎকার শুনে তাঁর স্ত্রী প্রীতিলতা ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতেই তাঁকে হত্যা করা হয়। পরে পরিবারের মেয়ে ও ১২ বছরের ছেলেকেও হত্যা করা হয়।
পুলিশের দাবি, গণপতি ও তাঁর পরিবারের সদস্যরা আসামিদের চিনত। পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে মাছুয়াপাড়া গ্রামের মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আজ ভোরে আটক করা হয়। পরে তাঁরা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলায় তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আফজাল হোসাইনের বাসায় দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
৩ মিনিট আগে
গাজীপুরের গাছা থানার ভূষির মিল এলাকায় জুয়েলারি দোকানের ভেতর থেকে ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিআইডি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
৬ মিনিট আগে
রাজশাহীতে আমন মৌসুমে সারের সংকট কাটেনি। ডিলারদের অব্যবস্থাপনা ও বিক্রয়কেন্দ্র বন্ধ থাকায় কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না। অভিযোগের পর বদলি, অভিযান, সার জব্দ ও তদন্ত কমিটি গঠন হলেও রোববার পর্যন্ত সংকট বহাল ছিল।
৮ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে সিংহ বাড়ির মনসা মন্দির থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে ১৮ বছর বয়সী মুশফিকুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে শনাক্ত করা হয়। পরে তার ঘর থেকে ২ ভরি ১ আনা স্বর্ণ ও ৪ ভরি রুপার গয়না উদ্ধার করা হয়েছে।
২০ মিনিট আগে