Ajker Patrika

পাঁচ দফা দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ দফা দাবিতে ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ করবে এনসিপি
রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলন এনসিপির নেতৃবৃন্দ। ছবি: আজকের পত্রিকা

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন—এই পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল-পিসি) জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এর পাশাপাশি এনসিপির নিয়মিত রাজনৈতিক ও দিবসভিত্তিক কর্মসূচিও চলবে। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থেকে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখবেন দলের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র এবং সন্ত্রাস মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে এনসিপি।

আখতার হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন, কিন্তু সেটি কীসের ভিত্তিতে হবে তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসী, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল গোষ্ঠী প্ল্যাটফর্মের সঙ্গে আমরা ঐক্যের প্রয়োজন অনুভব করি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠকেও অংশ নেন। দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে বৈঠকে যুক্ত হন। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুমও বৈঠকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত