Ajker Patrika

জুলাইয়ের শক্তিকে নিয়ে ফের আন্দোলনের হুমকি নাহিদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জুলাইয়ের শক্তিকে নিয়ে ফের আন্দোলনের হুমকি নাহিদের
রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা’ শীর্ষক অনুষ্ঠানে নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হলে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। চব্বিশের জুলাইয়ে মাদ্রাসাশিক্ষার্থীদের অবদান স্মরণে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এই অনুষ্ঠানের আয়োজন করে।

অবিলম্বে সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার সংবিধান সংশোধন কমিটির নামে যে প্রহসন করছে, সেখান থেকে সরে এসে গণভোটের রায় বাস্তবায়ন করুন। অন্যথায় ওলামায়ে কেরামসহ জুলাইয়ের সকল শক্তিকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমরা আন্দোলনের মধ্যে আছি, কিন্তু আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতে।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাইয়ে আমাদের আকাঙ্ক্ষা ছিল, জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল নতুন বাংলাদেশ; বৈষম্যহীন বাংলাদেশ; প্রাতিষ্ঠানিক সংস্কার। এ সংস্কারের কথাকে জুলাইয়ের চেতনা বলছে। কিন্তু জনগণ জানে জুলাইয়ের ফলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি। তারেক রহমান লন্ডন থেকে দেশে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে ফেরত এসেছেন। বিএনপি দায়িত্বহীন ক্ষমতা পেয়েছে। আমরা পেয়েছিলাম ক্ষমতাহীন দায়িত্ব।’

নাহিদ প্রশ্ন রেখে বলেন, ‘সংবিধান সংস্কার আদেশ যদি অবৈধ হয়, সে আদেশ দেওয়া রাষ্ট্রপতির বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছেন না? নির্বাচন কমিশনার শপথ পড়িয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে না?’

জুলাইয়ে মাদ্রাসাশিক্ষার্থীদের অবদান স্মরণ করে নাহিদ বলেন, ১৮ থেকে ২০ জুলাই যখন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলনে নতুন গতি এনে দিয়েছিলেন। জুলাই বিপ্লব, শাপলা আন্দোলন, মোদিবিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে নিহত ও ক্ষতিগ্রস্ত ওলামা ও মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দেওয়ার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকার জুলাই বিপ্লবের ঐতিহ্য ও এই ধারাকে দুর্বল করার সুপরিকল্পিত চেষ্টা করছে বলে আমি মনে করি। কিন্তু এই চেষ্টা শেষ পর্যন্ত তাদের জন্যই আত্মঘাতী হবে। কারণ, এই সরকার আওয়ামী লীগের প্রশ্রয়ে বাংলাদেশে টিকতে পারবে না। তাদের যদি টিকতে হয়, তাহলে শাপলা ও জুলাই যোদ্ধাদের সহযোগিতা নিয়েই টিকে থাকতে হবে। টিকে থাকা নাকি ধ্বংস হয়ে যাওয়া—সেই সিদ্ধান্ত তাদেরই। পরিষ্কার বার্তা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ মাহদী। বিশেষ অতিথির বক্তব্য দেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, চিন্তক মুসা আল হাফিজ, এনসিপির যুগ্ম সদস্যসচিব সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত