
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে সাক্ষাৎকারে অমর্ত্য সেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারের চ্যালেঞ্জ, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়সহ নানা ইস্যুতে কথা বলেছেন। সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর নামও নিয়েছেন তিনি।
এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং তিনি উদ্বিগ্ন যে দেশটি কীভাবে এই সংকট মোকাবিলা করবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জামায়াতসহ বিভিন্ন সাম্প্রদায়িক শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছে এবং দেশটির উচিত ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি অব্যাহত রাখা।
প্রতিক্রিয়ায় জামায়াতের আমির বলেন, ‘ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়? বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোন প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন, সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর সেক্যুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন। যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।’
জামায়াত প্রসঙ্গে অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন, সেই সমস্ত ভাই-বোনদের ওপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না। কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল।’
বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময়-অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না বলেও উল্লেখ করেন শফিকুর রহমান।

উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ করার ঘোষণা আসার পর ঢাকা শহরের এমপিদের জন্য একই ধরনের ব্যবস্থা কোথায় হবে, সেই প্রশ্ন তুলেছেন ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি পুনর্গঠন করা হচ্ছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে সংগঠনের সদস্যসচিব জাহিদুল ইসলামের আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে পুনর্গঠনের বিষয়টি সামনে এসেছে।
৩ ঘণ্টা আগে
হাসনাত বলেন, ‘আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়। আমরা লজ্জায় এটা কাউকে বলতে পারি না। এখন আমাদের একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি।’
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আইনি বাধায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হলে তাঁর জায়গায় নুসরাত তাবাসসুমকে বিকল্প হিসেবে ভেবে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
৫ ঘণ্টা আগে