Ajker Patrika

বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৪
বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। গতকাল সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।

বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া তাঁর সংস্থার মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে, কুষ্ঠরোগ চিকিৎসায় নিপ্পন ফাউন্ডেশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। এ ছাড়া রোহিঙ্গাশিবিরে জীবনমান উন্নয়নে, বিশেষ করে, রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান ও তাদের উপার্জনক্ষম করে তোলার বিষয়ে নিপ্পন ফাউন্ডেশনের উদ্যোগগুলো বৈঠকে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানান শফিকুর রহমান। ভবিষ্যতে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের দরিদ্র মানুষের আহ্বানে আরও উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার জন্য তিনি নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি উদাত্ত আহ্বান জানান। নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহায়তারও আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা।

বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ও উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত