Ajker Patrika

যাকে উপযুক্ত মনে করেন, পছন্দ অনুযায়ী তাকেই ভোট দিন: তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
যাকে উপযুক্ত মনে করেন, পছন্দ অনুযায়ী তাকেই ভোট দিন: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন। আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশা আল্লাহ। ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।’

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানিয়ে তারেক রহমান লিখেছেন, ‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।’

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান লিখেছেন, ‘আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।’

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তারেক রহমান। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘এই দিনটির জন্য দেশের জনগণ দীর্ঘ অপেক্ষা করছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে বাংলাদেশের মানুষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত