
বগুড়া- ৪ আসনের উপনির্বাচনে পরাজিত প্রার্থী হিরো আলমকে নিয়ে আলোচিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হিরো আলম তাঁর বক্তব্যের লক্ষ্য ছিলেন না। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন।
আজ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রামের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের জানাজা শেষে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপি ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১ ফেব্রুয়ারি। এর মধ্যে বগুড়া- ৬ ও বগুড়া- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়া-৪ আসনের আওয়ামী আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে প্রায় হাজারখানেক ভোটে পরাজিত হন তিনি।
জালিয়াতির মাধ্যমে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করে হিরো আলম বলেছেন, তিনি নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতের আশ্রয় দেবেন।
হিরো আলমের পরাজয় নিয়ে বিএনপি মহাসচিবের এক প্রতিক্রিয়ার জের ধরে গত শনিবার রাজধানীতে এক সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বলেন, রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠল ফখরুলের। ফখরুল ভেবেছিল, হিরো আলম জিতে যাবে। হিরো আলম এখন জিরো হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘তারা তো নির্বাচন চায় নাই। হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে। সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। হিরো আলম নিজেও ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাব দিয়েছেন।
তিনি বলেছেন, ‘হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কি না। খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পান না!’
আজ সোমবার মোছলেম উদ্দিনের জানাযায় হিরো আলমের চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে (হিরো আলম) কিছুই বলিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিয়েছি। সে (হিরো আলম) প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছে। ভালো ভোটও পেয়েছে। তাঁর সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যের জবাব।’
প্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিনকে স্মরণ করে তিনি বলেন, ‘মোসলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তাঁর জীবনে এমপি হওয়ার স্বপ্ন ও ইচ্ছে ছিল। সেটা শেখ হাসিনা পূরণ করেছেন। তাঁর মনে কোন না পাওয়ার বেদনা ছিল না।’
রোববার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। সোমবার সকাল ১১টার আগে তাঁর মরদেহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। সেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সেখানে উপস্থিত ছিলেন।

আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ন্যায় ভিত্তি রাষ্ট্র প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে আশা রাখি...
২ ঘণ্টা আগে
‘আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে আলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো, দেশের সর্বজনীন ঐক্যের ও সর
৭ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৭ ঘণ্টা আগে