Ajker Patrika

জুলাই ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না সরকার: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না সরকার: গোলাম পরওয়ার
সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

সরকার জুলাইকে ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াত জুলাইকে ধারণ করে না—বিএনপির এমন অভিযোগকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীই জুলাইকে ধারণ করে। সরকার জুলাইকে ধারণ না করায় তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না।’

জামায়াত সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘সরকার জুলাইকে ধারণ না করায় তারা সাংবিধানিক সব প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসাচ্ছে।’

সরকার জুলাই চেতনার বাইরে এসে সম্প্রতি সরকারি কর্মকমিশনে হাত দিয়েছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘সেখানে তারা চা খাওয়ার দাওয়াত দিয়ে পিএসসির চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের পদত্যাগের কথা বলছেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা এই দলীয়করণের বিরুদ্ধে চব্বিশের আন্দোলনে নেমে এসেছিল।’

গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি তাদের নোট অব ডিসেন্টের ওপর অনড় থাকতে গিয়ে রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা ফ্যাসিবাদী। তারা নিজেদের মতো বিশেষ কমিটি করে সংবিধান সংস্কার না করে সংশোধনের পথে যাচ্ছে। তারা ভিন্নমত গ্রহণ করতে পারেনি, স্যাক্রিফাইস করেনি।’

জামায়াত পাঁচটি নোট অব ডিসেন্ট দিলেও সেগুলোর ওপর অনড় থাকেনি উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিএনপি ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকাঠামোকে রাখতে তাদের নোট অব ডিসেন্টের ওপর অটল থাকছে। সংবিধান সংস্কার না করে যেভাবে রাখা হচ্ছে, তাতে যে প্রধানমন্ত্রীই আসবেন, তিনিই ফ্যাসিবাদী হবেন।’

ওসমানী উদ্যানের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার যোগদানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে তাঁর নাম উল্লেখ না করা অসম্মানজনক। অথচ প্রতিমন্ত্রীদের নাম কার্ডে উল্লেখ করা হয়েছে। রুলস অব প্রেসিডেন্স অনুযায়ী, তিনি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী। কিন্তু আমন্ত্রণপত্রে যথাযথ সম্মান না দেওয়ার কারণে তিনি অনুষ্ঠানে যাননি।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিরোধী দল অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সরকার সেটিকে জুলাই বিরোধী আখ্যা দিয়ে নিজেদের ‘দলীয়করণ ও ব্যর্থতা’ আড়াল করার জন্য সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করে। সংবিধান সংশোধনে বিরোধী দলের সহযোগিতা লাগবে কেন—এমন প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, ‘জনগণ গণভোটে প্রায় ৭০ ভাগ ভোট দিয়ে সংবিধান সংস্কারের রায় দিয়েছে। তারা সংস্কার না করে জনগণকে বাইপাস করে সংবিধান সংশোধন করতে চায়। একই সঙ্গে সংবিধান সংস্কার প্রশ্নে সরকার অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।’ তিনি এর তীব্র নিন্দা জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষ ফ্যাসিজম শিখেছে আওয়ামী লীগকে দেখে। কিন্তু রিজভী সাহেব সাত মাসেই তা ভুলে গেছেন। ফ্যাসিস্ট চিনতে হলে জনগণের কাছে ফিরে যেতে হবে। চাঁদাবাজি, লুটতরাজ, সরকারি পদে দলীয় লোক বসানোই ফ্যাসিবাদের পথ। জনগণের রায় উপেক্ষা করা ফ্যাসিবাদের পথ। গণভোটের রায় না মানা ফ্যাসিবাদের পথ।’

জামায়াতের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট করিনি। যেমন চারদলীয় ও বিশ দলীয় জোট করা হয়েছে বিএনপির সঙ্গে। আমরা জামায়াতের প্রস্তুত করা কেয়ারটেকার সরকারের ফর্মুলা বাস্তবায়নের দাবিতে জাতীয় পার্টি, বাম দলসহ অনেক দলের সঙ্গে আন্দোলন করেছি।’ তিনি যোগ করেন, ‘বিএনপি গণবিরোধী অবস্থানের কারণে’ ৯৬ সালে ক্ষমতায় আসতে পারেনি। বিএনপির কারণেই আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিল। সে সময় স্বচ্ছ নির্বাচনের দাবিতে জনগণ আন্দোলন করেছিল। মাগুরা মার্কা নির্বাচন করেছে বিএনপি। ক্ষমতায় গিয়ে ক্যাম্পাসগুলোয় ছাত্রশিবিরকে উৎখাত করেছে। আমরা আওয়ামী লীগের সঙ্গে হাঁটিনি। জনগণের দাবি আদায় করতে আমরা একত্রে আন্দোলন করেছি।’

সরকারের কোটি কোটি টাকার বরাদ্দ থেকে বিরোধী দলের এমপিদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। তিনি আরও অভিযোগ করেন, ‘অনির্বাচিত নারী এমপিদের নির্বাচিত এমপিদের ওপর দারোগাগিরি করতে বসানো হয়েছে। এটি ফ্যাসিবাদের পথ। আমরা অসংলগ্ন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব, মতিউর রহমান আকন্দসহ কেন্দ্রীয় অনেক নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত