Ajker Patrika

ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ৪১
ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা

ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রারত নেতা-কর্মীদের ওপর পুলিশি দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। সেই অধিকারকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, বুট ও গুলির মাধ্যমে দমন করার ঘটনা নিন্দনীয়।

তিনি আরও বলেন, পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ এবং গুলিবর্ষণের ফলে যেভাবে সাধারণ আন্দোলনকারীরা আহত হয়েছেন, তা ন্যক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং অন্য নেতা-কর্মীদের মারাত্মকভাবে আহত হওয়ার বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক।

তিনি বলেন, ‘অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, সব সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান অন্যায়, জুলুম ও দমন-পীড়নের বিরুদ্ধে এবং ভবিষ্যতেও ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের পাশে থাকবে। রাষ্ট্রকে অবশ্যই দমননীতি পরিহার করে জনগণের ন্যায্য দাবি শোনার পথ বেছে নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত