ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তার চিন্তা ও মন দেশের জন্য উৎসর্গ করা। তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার মতো তিনিও দেশের জন্য নিবেদিতভাবে কাজ করছেন।’
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর এ দিন তিনিসহ আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম ডোনার শ্রদ্ধা নিবেদন করতে যান। দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত করার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান তারা।
নতুন দায়িত্ব প্রসঙ্গে রিজভী বলেন, ‘কিছুটা ভয় ও আশঙ্কার পাশাপাশি আনন্দ নিয়ে বলছি, যে ভরসা রেখে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমরা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।’
সরকারের ছয় মাসের কার্যক্রম ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ১৩ লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের দেওয়া হচ্ছে কৃষক কার্ড এবং দরিদ্র পরিবারের নারীদের দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রধানদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক নীতি নিশ্চিত করা হয়েছে।’
রিজভী বলেন, সরকারের জনবান্ধব উদ্যোগ ও গৃহীত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নে দলের নেতা–কর্মীদের উদ্বুদ্ধ করা হবে। এসব কার্যক্রম আরও দ্রুত ও ত্বরান্বিত করার জন্য নেতা–কর্মীদের কাজে লাগানোর চেষ্টা করা হবে।
এ দিন রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা। যত দিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, তত দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
রিজভী বলেন, খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।
রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। সঞ্চালনা করেন সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি এবং বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
১২ মিনিট আগে
‘ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে বসতভিটা, তিন ফসলি উর্বর জমি, পরিবেশ ও প্রাণ-প্রকৃতি ধ্বংস হবে এবং বিপুলসংখ্যক মানুষ উদ্বাস্তুতে পরিণত হবে। কোনো যুক্তিতেই এ ধরনের কয়লা উত্তোলনকে লাভজনক বা জনস্বার্থসম্মত বলা যায় না।’
৪০ মিনিট আগে
অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো ধরনের টালবাহানা না করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে