
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে সরকারকে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া নম্বর বাড়ানো হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
আজ বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সভাটির আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, ‘কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছেন, আর ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না।’
এনসিপির এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন, চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর দলীয় নিয়োগের সুযোগ। এখন ক্ষমতায় গিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, ‘যদি আপনাদের যথাযথ যুক্তি থাকে, তাহলে অংশীজনের সঙ্গে আলোচনা করুন, যৌক্তিক সংস্কার করুন। সবার সঙ্গে আলোচনা না করেই নম্বর বাড়ানো হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
নাহিদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশক নিয়ে একটি প্রবণতা শুরু হয়েছে। সরকারও মনে হয় আশির দশকে ফিরে যাবে, কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার প্রবণতার সঙ্গে থাকার চেষ্টা করছে। সরকার ইতিবাচকভাবে এই প্রবণতার সঙ্গে থাকুক। পুরো পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, সেটিই সবার প্রত্যাশা।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এমন আন্দোলন গড়ে তোলা হবে, যাতে সরকার টিকতে পারবে না।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল। সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।

সারজিস আরও বলেন, ‘এরপরও যদি আপনাদের মধ্যে দুর্নীতি দেখতে পাই, ঘুষের টাকার বিনিময়ে কাজ দেখতে পাই, তাহলে বাংলাদেশে যদি আবারও কখনো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এ দেশের মানুষ আপনাদের বিরুদ্ধেও নামবে। ওই দিন আর কেউ অফিসে অফিস করতে পারবেন না।’
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অব্যাহত থাকলে দেশের জ্বালানিসংকট পুরোপুরি নিরসন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
আসিফ মাহমুদ বলেন, যদি এই অনুসন্ধান করতেই হয়, তাহলে বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে, আমার বিরুদ্ধে নয়। আমি একেবারে ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, যে নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে, সেটি বিএনপি সরকার ক্ষমতায় আসার তিন মাস পরের ঘটনা।
১১ ঘণ্টা আগে
সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১ দিন আগে