Ajker Patrika

যুদ্ধ না থামলে জ্বালানিসংকট পুরোপুরি কাটবে না: রিজভী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৯
যুদ্ধ না থামলে জ্বালানিসংকট পুরোপুরি কাটবে না: রিজভী
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অব্যাহত থাকলে দেশের জ্বালানি সংকট পুরোপুরি নিরসন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী।

রিজভী বলেন, দেশে গ্যাস ও জ্বালানির সংকট রয়েছে। তবে এটি শুধু বাংলাদেশের সংকট নয়, আন্তর্জাতিক সংকট। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর দিয়ে জ্বালানি পরিবহনে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। এ কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিয়েছে।

বাংলাদেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে গ্যাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হচ্ছে। এরই মধ্যে গ্যাসবাহী কার্গো দেশে আসছে।

মহেশখালীর গভীর সমুদ্রের টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছিল উল্লেখ করে রিজভী বলেন, ত্রুটি মেরামতের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রয়োজনে আরও ভর্তুকি দিয়ে গ্যাস ও জ্বালানি আমদানি করা হবে বলেও জানান তিনি। এ জন্য আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি করেন রিজভী।

দেশে মূল্যস্ফীতি কমেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, বর্ষা শেষে শরৎকালে সাধারণত খাদ্যপণ্য, শাকসবজি, চাল-ডালসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ে। তবে সরকারের বাজার হস্তক্ষেপের কারণে এবার প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তেমন বাড়েনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে দাবি করেন রিজভী। সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রিজভী বলেন, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যের মধ্যে ইতিমধ্যে এক হাজার কিলোমিটারের বেশি খাল খনন হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিদেশে কর্মসংস্থানের বিষয়ে রিজভী বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশি শ্রমিকেরা সেখানে যেতে পারবেন।

নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, পরিবারের নারী অভিভাবকের হাতে ‘ফ্যামিলি কার্ড’-এর সুবিধা দেওয়ার ফলে পরিবারে এর সুফল আরও কার্যকরভাবে পৌঁছাবে। নারীরা পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি হাঁস-মুরগি ও ছাগল পালনসহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন।

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজের পূর্ণ বিকাশ সম্ভব নয়। এই দর্শন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৮ বছর আগে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

এ সময় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় উল্লাস প্রকাশকারীদের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, নারীর ওপর হামলা চালানো এবং সেই ঘটনায় উল্লাস প্রকাশ করা কাপুরুষোচিত ও বর্বরতার পরিচয়। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখা একজন নারীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত