Ajker Patrika

খারাপ দৃষ্টান্ত

সম্পাদকীয়
খারাপ দৃষ্টান্ত

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্ট গার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। যে চারজনের নামে এই জাহাজগুলো ছিল, তাঁরা মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের মূল চার স্তম্ভ। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে জাহাজের নাম পরিবর্তনের এই তথ্য জানা যায়।

এর মাধ্যমে বেশ খারাপ একটা দৃষ্টান্ত স্থাপন হলো বলা হলে খুব একটা বাড়িয়ে বলা হবে না। এর আগে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে নিয়ে প্রদর্শনীও নিরাপত্তার অজুহাত দেখিয়ে স্থগিত করা হয়েছিল। জাদুঘর কর্তৃপক্ষ বলছে, অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও পুলিশ এখানে আক্রমণ হওয়ার আশঙ্কা প্রকাশ করায় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তাতে যে কারও মনে প্রশ্ন উঠবে, পুলিশ কেন জাতীয় চার নেতাকে নিয়ে প্রদর্শনী হলে সেখানে আক্রমণের আশঙ্কা করছে? আর যদি তারা এ রকম আশঙ্কা করে থাকে, তাহলে সেই দিগ্‌ভ্রান্ত আক্রমণ ঠেকানোর প্রস্তুতি না নিয়ে হাত-পা গুটিয়ে বসে রইল কেন?

যে চার নেতার প্রতি এই অবজ্ঞা প্রদর্শন করা হলো, তাঁরা কারা? একটু খোলাসা করে বললে বলতে হয়, ৩ নভেম্বর ছিল জেলহত্যা দিবস। দিনটি জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতের আঁধারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে। তাঁদের নিয়ে আয়োজিত প্রদর্শনীতে কেউ আক্রমণ করতে পারে, এটি বড় কষ্টের কল্পনা। পুলিশ কেন মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রদর্শনী বন্ধ রাখতে বলল, তার সত্যিকারের কোনো ব্যাখ্যা কি আছে? এই চার নেতার নামে থাকা চারটি জাহাজের নাম পরিবর্তন করায় মনে হতে পারে, স্বাধীনতাসংগ্রামের ইতিহাস নিয়ে কারও কারও মধ্যে যে অনীহা আছে, তার পক্ষেই সরকারের এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, যে চার ব্যক্তির নামে চারটি জাহাজের নতুন নাম রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে অভিযান পরিচালনা করতে গিয়ে তাঁরা শহীদ হন। আমাদের বীর নৌ কর্মকর্তাদের শ্রদ্ধা অবশ্যই জানানো যেতে পারে। কিন্তু জাতীয় চারনেতার নাম কেটে কেন তাঁদের সম্মান জানাতে হবে, সেটা আমাদের বোধগম্য নয়। কোনো মৌলিক ভাবনা থেকে কি তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো যেত না?

পরপর দুটি ঘটনার দ্বারা মূলত জাতীয় চার নেতাকে অসম্মান করা হয়েছে। আমরা মনে করি, জাতীয় এই চার নেতা এখন পর্যন্ত কোনো সরকারের আমলেই যোগ্য সম্মান পাননি। যেটুকু সম্মান তাঁরা পেয়েছিলেন, সেটুকুও যদি কেড়ে নেওয়া হয়, তাহলে তা খারাপ নজির হয়েই ইতিহাসে থেকে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত