খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজের সদ্য অবসরে যাওয়া ডেপুটি ডিরেক্টর সুজাত আহমেদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ফোন, বার্তা পাঠিয়ে নগরীর একটি সন্ত্রাসী গোষ্ঠী ‘বি কোম্পানি’র পরিচয়ে এই চাঁদা দাবি করা হয়। ভয়ে থানায় লিখিত অভিযোগও করেননি সুজাত। এদিকে ৭ নভেম্বর দুপুরে নগরীর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে সন্ত্রাসী নুর আজিমের অনুসারীদের বিরুদ্ধে।
খুলনায় শুধু চাঁদাবাজি নয়, হত্যাকাণ্ডের ঘটনাও অহরহ ঘটছে। পুলিশের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় ৭৩ জন খুন হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, অন্যদের কুপিয়ে বা পিটিয়ে হত্যা করা হয়। মূলত মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ছিনতাই, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরোধ এসব হত্যাকাণ্ডের অন্যতম কারণ। সক্রিয় ৯টি গ্রুপ এসব অপকর্মের সঙ্গে যুক্ত।
তাঁতী দলের নেতা থেকে শুরু করে চাকরিজীবী, ব্যবসায়ী–কেউই এই সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এত হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করতে পারছে না। দেশের মধ্যে কোনো এলাকায় যখন পুলিশের চেয়ে সন্ত্রাসী গোষ্ঠীর ক্ষমতা বেড়ে যায়, তখন সাধারণ মানুষ নিরুপায় না হয়ে পারে না। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের আশ্বাসের মুখে যখন সন্ত্রাসীরা প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন পুলিশের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ ব্যবস্থা না নেওয়ার পেছনে অপরাধীদের রাজনৈতিকভাবে প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তথ্যের দুর্বলতা, অভিযান পরিচালনায় শিথিলতা এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াই এসবের অন্যতম কারণ। ভুক্তভোগী ব্যক্তিরা ভয়ে থানায় অভিযোগ পর্যন্ত করতে সাহস পাচ্ছেন না, যা মূলত আইনের শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার প্রমাণ দেয়।
এই নিরাপত্তাহীন অবস্থা থেকে খুলনার নাগরিকদের রক্ষা করা এখন সময়ের দাবি। এ জন্য যথাযথ কাজ হতে পারে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সন্ত্রাসী গ্রুপগুলোর তালিকা তৈরি করে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সাঁড়াশি অভিযান চালানো। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী চক্রগুলোর আয়ের প্রধান উৎস চাঁদাবাজির রুট চিরতরে বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ নিতে হবে।
পুলিশের কার্যকর ভূমিকার মাধ্যমে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হলে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। একই সঙ্গে নাগরিক সমাজ, ব্যবসায়ী ও রাজনৈতিক দলগুলোকে একত্র হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি শহরকে গুটিকয়েক সন্ত্রাসী গ্রুপের কাছে জিম্মি হতে দেওয়া যায় না। অবিলম্বে খুলনায় আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।







