একটি নবনির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে পড়ার সংবাদ আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে। যশোরের মনিরামপুরে নির্মাণকাজ শেষ না হতেই ঝাঁপা বাঁওড়ের নবনির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে গেছে।
এত উন্নয়নের পরেও মাঝেমধ্যে কিছু সংবাদ আমাদের ধন্দে ফেলে দেয়। ঘটনাগুলো মেনে নেওয়ার মতো মনে হয় না। আবার মেনে না নিয়েও কোনো উপায় থাকে না। এ রকম বাস্তবতায় বলতে বাধ্য হতে হয়, অদ্ভুত এ দেশের অদ্ভুত সব কাণ্ডকারখানা! ১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি প্রকল্পের সুফল ভোগ করার আগেই যদি তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, তবে সেই উন্নয়নের সার্থকতা কোথায়?
জানা যায়, ১৩ দশমিক ২০ মিটার দীর্ঘ সেতুর দুই পাশে ৫২৩ মিটার সংযোগ সড়ক নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। অথচ ভারী কোনো বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই প্রায় ১০০ মিটার রাস্তা বাঁওড়ে ধসে গেছে। স্থানীয়দের অভিযোগ, এখানে কারিগরি ত্রুটি এবং তদারকির চরম গাফিলতি ছিল। মাটিকে থিতু হওয়ার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে ইটের সলিং বিছিয়ে রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রকৌশলবিদ্যার সাধারণ জ্ঞান বলে, বালু বা উপযুক্ত ভরাট সামগ্রী ব্যবহার না করে কেবল আলগা মাটির ওপর সলিং করলে তা ধসে পড়ার ঝুঁকি থাকে। এখানেও সম্ভবত সেই একই ‘দায়সারা’ পদ্ধতির আশ্রয় নেওয়া হয়েছে।
ঠিকাদার বলছেন তিনি ধসে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, আর উপজেলা প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রকৌশলীও কারণ নির্ণয় করতে পারেননি। যখন একটি সরকারি প্রকল্পের কাজ শেষ হওয়ার মাসখানেকের মধ্যে তা ভেঙে পড়ে, তখন ‘কারণ খুঁজে না পাওয়া’ কি দায়িত্ব এড়ানোর কৌশল নয়? প্রশ্ন হলো, কাজ চলাকালীন উপজেলা প্রকৌশলীর দপ্তরের তদারকি কোথায় ছিল? সরকারি দপ্তরের প্রকৌশলীরা যদি নিয়মিত নির্মাণকাজটি পরিদর্শন করতেন, তবে মাটির স্তরের দুর্বলতা তাঁদের চোখে পড়ত।
লোকসান দিয়ে কাজ করার দোহাই দিয়ে কাজের মান খারাপ করা সরকারি কাজের একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। কাজ শেষে বিল তুলে নেওয়ার পর দায়বদ্ধতা শেষ হয়ে যায়—এমন মানসিকতাই বারবার এই ধরনের অপচয়কে উসকে দিচ্ছে।
মনিরামপুরের ঝাঁপা ও কোমলপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল ছিল এই সেতু। এখন সেই সেতুই তাদের জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল কাজ করলেই দায় শেষ হয়ে যায় না। কেন এ ধরনের কাজে এমন কাণ্ড ঘটে, তা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। যদি ঠিকাদার বা তদারককারী প্রকৌশলীর কোনো অবহেলা প্রমাণিত হয়, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
জনগণের করের টাকার এমন অপচয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উন্নয়ন যেন কেবল কাগজ-কলমে বা বিল উত্তোলনের উৎস না হয়ে বরং তা যেন টেকসই এবং জনবান্ধব হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটাই আমাদের প্রত্যাশা।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই বিজয়ী দলের নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদের বিরোধীদলীয় নেতাসহ সংসদে প্রতিনিধিত্বশীল অন্যান্য দলের নেতাদের বাসায় গিয়ে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বহু বছর এ দেশের বিজয়ী ও পরাজিত দলগুলোর নেতাদের বলতে গেলে মুখ দেখাদেখি বন্ধ থাকার পর...
২ ঘণ্টা আগে
জাপানের সঙ্গে অবিভক্ত বাংলা অঞ্চলের সম্পর্ক শতবর্ষাধিক। ১৮৭৮ সালে জাপানের মিকাদো তথা মেইজি সম্রাট মুৎসুহিতো এবং কলকাতার পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবারের স্বনামধন্য ব্যক্তিত্ব সংগীতজ্ঞ, সংগীতের ইতিহাসবিদ রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুরের মধ্যে দুই দেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বিনিময়ের ঘটনাই জাপান-বাংলার...
২ ঘণ্টা আগে
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ১৯৯৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাস করেন। পরবর্তী সময়ে ইংল্যান্ডের নর্দামবিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ২০০৯ সালে অস্ট্রেলিয়া থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স ‘ব্যারিস্টার এট ল’ সম্পন্ন...
১ দিন আগে
শপথের মঞ্চ তখন প্রস্তুত, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সে সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে যায় কয়েক শ প্রকাশকের একটি জরুরি চিঠি। সময় খুব কম, উদ্বেগ অনেক। কারণ একটাই—২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর সিদ্ধান্ত, যা পড়ছে রমজানের মধ্যে।
১ দিন আগে