Ajker Patrika

দেশটা সবার

সম্পাদকীয়
দেশটা সবার

নভেম্বরের এই সময়টায় দাঁড়িয়ে ভবিষ্যতের বাংলাদেশকে কি দেখা যাচ্ছে? নানা রকম অস্থিরতায় ছেয়ে আছে দেশের আকাশ-বাতাস। সত্যিকার অর্থে যে স্থিতিশীলতার দিকে যাওয়ার কথা ছিল দেশের, সেদিকে দেশ গিয়ে পৌঁছাতে পারেনি, বরং সবার মনেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা ভর করেছে।

আমাদের দেশে যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকা, সংবিধান ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলছিল কেউ কেউ, তখন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল আমাদেরই জনগণ। জনগণের প্রতিরোধের কারণেই সেই সুচতুর ভ্রষ্টশক্তি পাল্টে দিতে পারেনি আমাদের ইতিহাস। ২০২৪ সালে যে গণ-অভ্যুত্থান ঘটেছিল, কী করে তা অচিরেই মুক্তিযুদ্ধবিরোধী একটি গোষ্ঠীর হাতে বন্দী হয়ে গেল, সে প্রশ্ন ভবিষ্যতেও উঠবে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো গুঁড়িয়ে দিল কারা? বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ধ্বংস করল কারা? কারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চাইল? কারা প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের অপমান করতে থাকল? কারা শিক্ষকদের অপমান করার জন্য শিক্ষার্থীদের লেলিয়ে দিল? মবতন্ত্র কেন ছড়িয়ে গেল দেশজুড়ে? এ রকম হাজারো প্রশ্নের উত্তর দিতে হবে।

আমাদের এমনই দুর্ভাগ্য যে দেশটিতে মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তি বলে দুটি ভিন্ন জনগোষ্ঠী রয়েছে। পৃথিবীর আর কোথাও এ রকম আজব ঘটনা ঘটেছে কি না, তা আমাদের জানা নেই। দেশের ধারাবাহিক ইতিহাসে পাকিস্তান পর্বটি খুবই তাৎপর্যপূর্ণ। এর আগে ব্রিটিশদের শাসন-শোষণে রিক্ত হয়েছে দেশ। তার পথ ধরে হিন্দু ও মুসলমানদের মধ্যে একে অপরের প্রতি যে তীব্র ঘৃণার সৃষ্টি হয়েছিল, তা এখনো কাটেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা যেন বেড়েছে। মিলিত সংস্কৃতিকে অগ্রাহ্য করে ঘৃণার চাষবাসই প্রধান হয়ে উঠেছে। পাকিস্তান পর্বে এসে বোঝা গেল, শাসন ও শোষণের জন্য ধর্মের কোনো আলাদা অগ্রাধিকার নেই। বরং নিজ ধর্মের মানুষেরও তীব্রভাবে শোষণ করা যায়। অনেকেই আইয়ুব খানের সময়ে ঢাকা বা বাংলার উন্নয়নের গল্প শোনাতে চান। কিন্তু ইতিহাসের দিকে নজর দিলে দেখা যাবে, সে সময় পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাস করত পূর্ব বাংলায়, অথচ উন্নয়নের জন্য পশ্চিম পাকিস্তানের বরাদ্দ ছিল বাংলা থেকে অনেক বেশি। ইতিহাসই সাক্ষ্য দেবে, পাকিস্তানের মূল চালিকাশক্তি ছিল সেনাবাহিনী ও তার আমলাতন্ত্র। এরা কখনোই তৎকালীন পূর্ব বাংলাকে সমকক্ষ বলে মনে করত না। বরং মনে করত, বাংলা হলো তাদের শোষণের পশ্চাদ্‌ভূমি। সেই পাকিস্তানি শোষকদের প্রতি হঠাৎ করে মায়াকান্নার সৃষ্টি হলো কেন, সে প্রশ্নেরও উত্তর দিতে হবে।

অন্যদিকে ভারতের প্রতি যে তীব্র ঘৃণার প্রকাশ ঘটতে দেখা গেল, তারও অনেক কারণ রয়েছে। বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারত যদি দাদাগিরি করতে চায়, তাহলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু সেটা হতে হবে কূটনীতির পথ ধরে, ঘৃণার প্রকাশ ঘটিয়ে নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে অন্য কোনো দেশের তাঁবেদারি করার জন্য নয়। আমাদের দেশটা সবার—এই সত্য উপলব্ধি করতে না পারলে দেশের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। যুধ্যমান প্রতিটি দলকে সে কথা স্মরণ করিয়ে দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত